সাড়ে ৩ বছর ধরে মৃত নারীর খাদ্যবান্ধব কর্মসূচির চাল ‘খাচ্ছেন’ ইউপি সদস্য

কুড়িগ্রামের উলিপুরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল উত্তোলন ও আত্মসাতের অভিযোগ উঠেছে এক ইউপি সদস্যের বিরুদ্ধে। প্রায় সাড়ে তিন বছর ধরে সরকারি খাদ্যসহায়তা থেকে বঞ্চিত থাকার অভিযোগ এনে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেছেন আম্বিয়া বেগম নামে এক নারী।

অভিযুক্ত ইউপি সদস্যের নাম মো. বাবলু মিয়া। তিনি উপজেলার দুর্গাপুর ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য।

অভিযোগ সূত্রে জানা যায়, আম্বিয়া বেগম দুর্গাপুর ইউনিয়নের গোড়াই রঘুরায় জোলাপাড়া গ্রামের আয়নাল হকের স্ত্রী। তার শাশুড়ি আমেনা বেগমের নামে খাদ্যবান্ধব কর্মসূচির একটি চালের কার্ড (নম্বর ১৬৯) রয়েছে। প্রায় সাড়ে তিন বছর আগে আমেনা বেগম মারা যাওয়ার পর ওই কার্ডে দুই-তিনবার চাল উত্তোলন করা হয়। পরবর্তী সময়ে কার্ডের নাম পরিবর্তন করে স্বামী অথবা নিজের নামে করে দেওয়ার কথা বলে ইউপি সদস্য বাবলু মিয়া জাতীয় পরিচয়পত্র, ছবি ও মূল কার্ডটি নিয়ে নেন।

ভুক্তভোগী আম্বিয়া বেগম বলেন, “সাড়ে তিন বছর আগে আমার শাশুড়ি মারা যাওয়ার পর দুইবার চাল পেয়েছি। পরে মেম্বার বলেন আপনার শাশুড়ির মারা যাওয়া কার্ডটি বাতিল হয়েছে। খাদ্যবান্ধব কর্মসূচির মূল কার্ডটি, স্বামী ও আপনার ছবি, ভোটার আইডি দেন আমি কার্ডটি করে দেবো—এই কথা বলে নিয়েছে। পরে আর সে কার্ড করে দেয়নি। সাড়ে তিন বছর পর কয়েক দিন আগে খাদ্য অফিসে গিয়ে জানতে পারি আমার শাশুড়ির নামে কার্ডটি এখনো চালু রয়েছে।”

তিনি আরও জানান, এরপর চাল বিতরণের ডিলার মো. শফিকুল ইসলামের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান যে শাশুড়ির কার্ডের চাল ইউপি সদস্য বাবলু মিয়া তুলছেন। এ ঘটনায় গত ১৬ নভেম্বর ইউএনওর কাছে লিখিত অভিযোগ দেন আম্বিয়া বেগম। তিনি অভিযুক্ত মেম্বারের শাস্তি, চালের ক্ষতিপূরণ এবং অসহায় সংসারের কথা বিবেচনা করে নতুন কার্ডের দাবি জানিয়েছেন।

খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার মো. শফিকুল ইসলাম বলেন, “আমি এক বছর হলো চালের ডিলারশিপ পেয়েছি। এই এক বছরে আমার কাছ থেকে চালের কার্ডটি ইউপি মেম্বার নিয়ে এসে চাল তুলেছেন।”

অভিযোগ অস্বীকার করে ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য বাবলু মিয়া বলেন, “আমি আমেনা ও আম্বিয়া বেগমকে চিনি না। আমাকে সে কোনো কাগজপত্র দেয়নি। সামনে ইউপি নির্বাচন, আমাকে ফাঁসানোর চক্রান্ত করছে একটি মহল। আমার বিরুদ্ধে যে অভিযোগ করেছেন, তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব আমি।”

এ বিষয়ে উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ. টি. এম. আরিফ বলেন, “অভিযোগপত্রটি আমি হাতে পাইনি। পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ওই নারীকে আমার কাছে আসতে বলেন।”

এদিকে সরকারি খাদ্যসহায়তা নিয়ে ওঠা এই অভিযোগের সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।