গচ্ছিত স্বর্ণালঙ্কার ফেরত চাওয়ায় ভাইকে হত্যা, ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৪

গচ্ছিত রাখা এক ভরি স্বর্ণালঙ্কার ফেরত চাওয়াকে কেন্দ্র করে নিজের আপন ভাইকে খুন করার অভিযোগ উঠেছে ভাই ও ভাবির বিরুদ্ধে। মেয়ে দেখানোর কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে নির্জন বাগানে ইট দিয়ে মাথা থেঁতলে হত্যা করা হয় মো. আলমগীর নামে ৩৯ বছর বয়সী ব্যক্তিকে। আর এই হত্যাকাণ্ডে জড়িত থাকার জন্য দায়ী করা হচ্ছে তার ভাই ও ভাবীকে।

আলমগীর মুন্সীগঞ্জ সদর উপজেলার বিনোদপুরের বাসিন্দা। তিনি বিভিন্ন এলাকায় বাদাম-বুট বিক্রি করে সংসার চালাতেন। তবে তিনি বিয়ে করেননি।

জানা গেছে, প্রায় ৩ মাস আগে আলমগীর তার এক ভরি স্বর্ণালঙ্কার বিশ্বাস করে গচ্ছিত রাখেন তার ভাই জাহাঙ্গীর হোসেন ও ভাবি রিনা বেগমের কাছে। কিন্তু আলমগীরকে না জানিয়ে সেই স্বর্ণের ৩ আনা দোকানে বন্ধক রেখে ৮ হাজার টাকা তুলে নেন তারা।

ঘটনা জানাজানি হলে স্বর্ণ ফেরত চান আলমগীর। এ নিয়ে সালিস বসে, স্বর্ণ ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্তও হয়। কিন্তু স্বর্ণ না দিয়ে তাকে হত্যার পরিকল্পনা করেন ভাই-ভাবি।

গত ১১ নভেম্বর পাত্রী দেখার কথা বলে বাড়ি থেকে ডেকে নেওয়া হয় আলমগীরকে। অভিযোগ রয়েছে, এর আগেই আলমগীরকে হত্যা করার জন্য এক লাখ টাকায় সন্ত্রাসীদের ভাড়া করেন তারা।

এরপর ভাড়াটিয়া সন্ত্রাসী সাদ্দাম ও শফিকুল দুটি অটোরিকশায় করে আলমগীরকে রিকাবীবাজার হয়ে বালুচরের দিকে নিয়ে যায়। পথে আরও দুজন যুক্ত হয়। সিরাজদিখানের কালিনগরের নির্জন আকাশমণি বাগানে পৌঁছেই তার কাছে থাকা টাকা ও স্বর্ণ কেড়ে নেওয়ার চেষ্টা করে। চিৎকার করতেই ইট দিয়ে মাথায় একের পর এক আঘাত করলে  ঘটনাস্থলেই মৃত্যু। এরপর মরদেহ খড়ের স্তূপ দিয়ে ঢেকে রেখে পালিয়ে যায় ঘাতকরা।

১৭ নভেম্বর সন্ধ্যায় সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নের কালিনগরের সেই বাগান থেকে আলমগীরের অর্ধগলিত মরদেহ উদ্ধার হয়। পকেটে থাকা এনআইডি দেখে পরিচয় মেলে। এ ঘটনায় নিহতের মা ছায়েরা বেগম সিরাজদিখান থানায় মামলা দায়ের করলে তদন্তে নামে পিবিআই মুন্সীগঞ্জ। তদন্ত শেষে আলমগীরের ভাই জাহাঙ্গীর হোসেন (৩৫), ভাবি রিনা বেগম (২৪) ভাড়াটিয়া সন্ত্রাসী মো. সাদ্দাম হোসেন (৩৩) ও মো. শফিকুল ইসলামকে (৩৩) গ্রেপ্তার করে পিবিআই।

তাদের মধ্যে তিনজন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তাদের দেখানো মতে হত্যায় ব্যবহৃত ইট ও দুটি অটোরিকশা উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পিবিআিই। এ ঘটনায় জড়িত আরও দুজনকে গ্রেপ্তারে অভিযান চলছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জুবায়ের হোসেন জানান, বাকি আসামিদের গ্রেপ্তার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।