বলিউড সিনেমা সাম্প্রতিক সময়ে বক্স অফিসে (সিনেমা হলে সাপ্তাহিক টিকিট বিক্রির অর্থ) খুব বেশি জাদু দেখাতে পারেনি।
হিন্দি সিনেমার দর্শকদের প্রেক্ষাগৃহে টানতে না পারার কারণ হিসেবে বলা হচ্ছে, গতানুগতিক ধারার সিনেমার প্রতি মানুষের আগ্রহ না থাকা বা দক্ষিণ ভারতীয় সিনেমার রিমেকের সঙ্গে সংযোগ স্থাপন করতে না পারা, চিত্রনাট্য তৈরির সময়ে তারকা ম্যানেজারদের হস্তক্ষেপ ইত্যাদি।
এই প্রতিবেদনে আমরা জানার চেষ্টা করেছি, কেন সাম্প্রতিক বছরগুলোতে অনেক হিন্দি সিনেমাই সফল হয়নি, করোনার প্রকোপের পর থেকে দর্শকরা কী ধরনের সিনেমা দেখতে চান এবং তাদের প্রেক্ষাগৃহে ফিরিয়ে আনতে কী করা যেতে পারে?
এই প্রসঙ্গে বিশদে জানতে আমরা চলচ্চিত্র সমালোচক ও চলচ্চিত্র বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ, বলিউডের চলচ্চিত্র প্রযোজক ফিরোজ এ নাদিয়াদওয়ালা, চলচ্চিত্র প্রযোজক আহমেদ খান এবং বিপণন বিশেষজ্ঞ বরুণ গুপ্তার সঙ্গে কথা বলেছিলাম।
পাশাপাশি, মাল্টিপ্লেক্স ব্যবসার সঙ্গে যুক্ত নীতিন গুপ্তা এবং গৌরব মিশ্রর কাছ থেকেও এই প্রসঙ্গে মতামত জানতে চেয়েছি।
‘করোনার পর মানুষের পছন্দ বদলেছে’
বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ জানিয়েছেন, বলিউডের ফিল্ম মডেল খুবই ঝুঁকিপূর্ণ। কারণ প্রতি শুক্রবারই ফিল্ম রিলিজ হওয়ার পর তার ফ্লপ বা হিট হওয়াটা পুরোপুরি নির্ভর করে দর্শকের পছন্দের উপর।
এই বিশ্লেষকের কথায়, ‘কখনো কখনো সব চাইতে বড় স্টারদের ফিল্মও ভাল চলে না, আবার কখনও বা একজন নতুন শিল্পী হঠাৎ সাফল্য পেয়ে যান। আজকের দিনে কেউ নিশ্চিত করে বলতে পারে না যে একটা ফিল্ম বক্স অফিসে কেমন করবে, বা কোন ছবি দর্শকদের প্রত্যাশা পূরণ করতে পারবে।’
এক্ষেত্রে করোনা মহামারির সময়কালও একটা বড় ভূমিকা পালন করেছে বলে তিনি মনে করেন।
আদর্শের কথায়, ‘হিন্দি ফিল্মের ব্যবসায় ক্রমবর্ধমান অনিশ্চয়তার একটা প্রধান কারণ হলো কোভিড-১৯ মহামারি। সেই সময়ে মানুষের বিনোদনের মাধ্যম সীমিত ছিল। তাই তারা আরো বেশি টিভি, ওটিটি প্ল্যাটফর্ম এবং দক্ষিণ ভারতীয় ছায়াছবির হিন্দি ডাব করা সংস্করণ দেখতে শুরু করেন। মহামারির সময়ে মানুষ যে ধরনের কনটেন্ট দেখেছে, তা তাদের পছন্দ ও চিন্তাভাবনা বদলে দিয়েছে। তারা আগের চেয়ে ভিন্ন, আরো আধুনিক এবং সাহসী গল্প দেখার সুযোগ পেয়েছেন।’
আদর্শ বলেন ‘যারা দক্ষিণ ভারতীয় সিনেমার হিন্দি ডাব করা সংস্করণ দেখছিলেন, তারা বুঝতে শুরু করেছেন যে বলিউডের মশালা ফিল্মগুলো আর আগের মতো উপভোগ্য নেই। অন্যদিকে, শহুরে দর্শকদের কথা মাথায় রেখে এবং সামাজিক বিষয়ভিত্তিক সিনেমা মাল্টিপ্লেক্সগুলোতে জনপ্রিয় হয়ে ওঠে। এই অবস্থায় মশালা ফিল্মগুলো উপহাসের পাত্র হতে শুরু করে। এর ফলে, বলিউড তার দর্শকদের একটা বড় অংশ হারাতে শুরু করে’।
দর্শকরা এখন ভেবেচিন্তে সিনেমা বাছাই করেন।
‘মহামারির পর দর্শকরা আগের চেয়ে অনেক বেশি ভেবেচিন্তে সিনেমা দেখেন। এ কারণেই আজকাল অনেক সিনেমার বক্স অফিসে ভালো ওপেনিং হয় না, অথচ পুষ্পা, জওয়ান এবং অ্যানিমেলের মতো সিনেমাগুলো দারুণ ওপেনিং পায়। এই ফিল্মগুলোর সিনেমার সেই শক্তিকে প্রমাণ করেছে, যার উপর ভিত্তি করে শুধুমাত্র শহুরে, শিক্ষিত এবং মধ্যবিত্ত দর্শকদের কাছেই নয়, সাধারণ মানুষের কাছেও পৌঁছানো যায়’ বলেন বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ।
এই ধরনের সিনেমাগুলো দর্শকদের একটা বড় অংশকে আকর্ষণ করে।
তার কথায়, ‘মহানগরের বাইরে বসবাসকারী দর্শকদের মূলধারার সিনেমার সঙ্গে যুক্ত করাটা জরুরি, এবং এক্ষেত্রে সিঙ্গেল-স্ক্রিন থিয়েটারগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শুধুমাত্র নির্দিষ্ট কিছু মহানগর এলাকাতেই দর্শকরা শহুরে প্রেক্ষাপটে তৈরি সিনেমা দেখতে পছন্দ করেন।
‘এটা সেইসব চলচ্চিত্র নির্মাতাদের জন্য আয়নার মতো কাজ করে, যারা একটা নির্দিষ্ট ধরনের চলচ্চিত্র নির্মাণ করতে চান এবং মশালা ফিল্মকে নিকৃষ্ট বা নিম্নমানের বলে মনে করেন।’
তিনি ব্যাখ্যা করেছেন, চলচ্চিত্র শিল্পের টিকে থাকাটা নির্ভর করে ‘মাস-সিনেমা’র উপর। অর্থাৎ, সেই সমস্ত ফিল্মের উপর, যা সব ধরনের মানুষের কাছে আপিল রাখে।
তরণ আদর্শ বলেছেন, ‘সত্যিটা হলো, চলচ্চিত্র শিল্পের টিকে থাকা পুরোপুরি মাস-সিনেমার উপর নির্ভরশীল। ‘ওয়েলকাম টু দ্য জাঙ্গল’, ‘ধামাল ৪’, ‘আওয়ারাপন ২’, ‘ধুরন্ধর ২’, ‘ভূত বাংলা’ এবং ‘হনুমান অংশ’-এর মতো ছবিগুলো মেট্রো শহরগুলোর বাইরে যেভাবে ব্যবসা করেছে, সেটা অসাধারণ।
এই প্রসঙ্গে আরো একটা বিষয় তুলে ধরেছেন তিনি, যা সাম্প্রতিককালে বলিউডে নতুন ট্রেন্ড হয়ে উঠেছে এবং সেটা হলো ম্যানেজার সংস্কৃতি।
চলচ্চিত্র তৈরির খুঁটিনাটি বিষয়ে বড় বড় তারকাদের ম্যানেজারদের হস্তক্ষেপের বিষয়ে ইঙ্গিত করেছেন তিনি।
‘হিন্দি সিনেমার ব্যর্থতার আরেকটা কারণ হলো তারকাদের ঘিরে গড়ে ওঠা ম্যানেজার সংস্কৃতি। চলচ্চিত্র জগতের সঙ্গে এই লোকগুলোর কোনো সংযোগ নেই, এর নাড়ি-নক্ষত্রও তারা বোঝেন না। তারা বছরের পর বছর ধরে চলচ্চিত্র নির্মাণের অভিজ্ঞতা রয়েছে এমন নির্মাতাদের উপেক্ষা করেন।’
‘অন্যদিকে, তারকা ম্যানেজাররা এই নির্মাতাদের ব্যাকডেটেড বলে মনে করে। কিন্তু সত্যিটা হলো, বোর্ডরুমে ফিল্ম তৈরি হয় না। এটা তৈরি হয় ভালোবাসা, আবেগ এবং নিষ্ঠা দিয়ে।’
এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে ফিল্মের গানেরও ভূমিকার কথাও টেনে এনেছেন তিনি।
তরণ আদর্শ বলেছেন, ‘দর্শকদের আকৃষ্ট করার ক্ষেত্রে মিউজিক বরাবরই একটা বড় ভূমিকা পালন করেছে। আগে ফিল্মের গান মুভি রিলিজের অনেক আগেই প্রকাশ করা হতো। এই গানগুলো ফিল্মের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করত এবং দর্শকদের প্রেক্ষাগৃহ পর্যন্ত টেনে আনত। কিন্তু আজকাল আর আমরা গান লেখার পেছনে ততটা সময় দিই না।’
‘অনেক সময়ে দেখা যায়, সিনেমার গল্প একরকম ছিল, আর রিলিজের পরে সেটা এতটাই বদলে যায় যে দুটোকে সম্পূর্ণ ভিন্ন বলে মনে হয়। অভিনেতাদের চিত্রনাট্য লেখা এবং চলচ্চিত্র নির্মাণের সঙ্গে সম্পর্কিত অন্যান্য বিভাগে হস্তক্ষেপ করা বন্ধ করা উচিত।’
‘সিনেমার সাফল্যের জন্য মজবুত কনটেন্ট অপরিহার্য’
প্রযোজক ফিরোজ এ নাদিয়াদওয়ালার মতে, বলিউডের সিনেমার সাফল্য অনেকাংশেই তার গল্প, বিষয়বস্তু এবং শিল্পী নির্বাচনের ওপর নির্ভর করে। তার মতে যদি গল্প ভালো হয় এবং অভিনেতাদের সঠিকভাবে নির্বাচন করা হয়, তাহলে ফিল্মের ফ্লপ হওয়ার ঝুঁকি অনেকটাই কমে যায়।
নাদিয়াদওয়ালা এই বছর ‘ওয়েলকাম ৪’ নির্মাণ করেছেন, যা ভারতীয় মূল্যে বিশ্বব্যাপী প্রায় ২০০ কোটি টাকা আয় করেছে।
তার মতে, ‘যখন গল্পটা সঠিক হয় এবং সেই অনুযায়ী অভিনেতাদের নির্বাচন করা হয়, তখন ঝুঁকি অনেকটাই কমে যায়। বড় বাজেটের ছবি এবং বড় বাজেটের জাঁকজমকপূর্ণ ছবির মধ্যে পার্থক্য আছে। এমন বড় বাজেটের ছবিও আছে, যেখানে প্রতিটি পয়সা ভেবেচিন্তে খরচ করা হয় এবং তার প্রভাব পর্দায় স্পষ্টভাবে দেখা যায়। এই ধরনের ছবির ঝুঁকি অনেকটাই কমে যায়।’
তাছাড়া দ্বিতীয়বার ফিল্মের শ্যুটিং বা বাজেট নির্ধারিত সীমা ছাড়িয়ে যাওয়াটাও ঝুঁকি বাড়িয়ে তোলে।
ফিরোজ এ নাদিয়াদওয়ালার কথায়, ‘বাজেট নিয়ন্ত্রণে রেখে পরিবারের সঙ্গে দেখার মতো একটা ভালো ফিল্ম তৈরি করার চেষ্টাই থাকা উচিত আমাদের। নির্মাণের আগে এটাও ভাবা দরকার যে আগে ফিল্ম মুক্তির আগে কতটা আয় সম্ভব। নির্ধারিত সময়ের মধ্যে ফিল্ম তৈরির কাজ শেষ করতে হবে কিন্তু মানের সঙ্গে কোনো আপোস করা যাবে না।’