আধুনিকতার প্রভাবে প্লাস্টিক, স্টিল ও সিরামিক পণ্যের ব্যবহার বাড়ায় সংকুচিত হয়ে পড়েছে মাটির তৈজসপত্রের বাজার। তবুও নানা প্রতিকূলতা উপেক্ষা করে পূর্বপুরুষের পেশা ও গ্রামীণ ঐতিহ্য ধরে রেখেছেন সিরাজগঞ্জের সলঙ্গা এলাকার মৃৎশিল্পীরা।
স্থানীয় কারিগরেরা প্রতিনিয়ত মাটির টব, হাঁড়ি-পাতিল, দইয়ের বাটিসহ বিভিন্ন ধরনের তৈজসপত্র তৈরি করে ব্যস্ত সময় পার করছেন। মাটি সংগ্রহ থেকে শুরু করে তা প্রস্তুত করা, নিপুণ হাতে নির্দিষ্ট আকৃতি দেওয়া, রোদে শুকানো এবং আগুনে পুড়িয়ে ব্যবহার উপযোগী করার প্রতিটি ধাপেই তাঁদের দীর্ঘদিনের দক্ষতা ও কঠোর পরিশ্রমের ছাপ রয়েছে।
একসময় গ্রামবাংলার দৈনন্দিন জীবনে মাটির পণ্যের ব্যাপক চাহিদা থাকলেও বর্তমানে সেই বাজার অনেকটাই কমে এসেছে। জেলার সলঙ্গা এলাকার মৃৎশিল্পী লাভলু পাল ও সুমন পাল জানান, প্লাস্টিক, স্টিল ও সিরামিকের পণ্যের প্রসার ঘটায় মৃৎশিল্পের বাজার সংকুচিত হয়েছে। নানা সীমাবদ্ধতার মধ্যেও তাঁরা বংশপরম্পরার এই পেশা আঁকড়ে ধরে আছেন এবং কোনোমতে ব্যবসা চালিয়ে সংসার নির্বাহ করছেন।
এ বিষয়ে ‘প্রিয় সলঙ্গার গল্প’ গ্রুপের অ্যাডমিন ও সমাজসেবক মো. শাহআলম বলেন, আধুনিক পণ্যের ভিড়ে মাটির তৈজসপত্রের চাহিদা আগের মতো নেই বললেই চলে। তবে এখনো অনেক কারিগর দৈনন্দিন ব্যবহারিক নানা মাটির পণ্য তৈরি ও বিক্রি করে টিকে আছেন। হাজার বছরের ঐতিহ্যবাহী এই শিল্প ও কারিগরদের টিকিয়ে রাখতে যথাযথ পৃষ্ঠপোষকতা ও সম্মান নিশ্চিত করা জরুরি বলেও তিনি মনে করেন।
সংশ্লিষ্টদের মতে, প্রাচীন এই লোকজ শিল্পের বিকাশে মৃৎশিল্পীদের জন্য আর্থিক সহায়তা, বাজার সম্প্রসারণ এবং পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা গেলে ঐতিহ্যবাহী এই খাতটি আবারও নতুন সম্ভাবনা নিয়ে ঘুরে দাঁড়াতে পারবে।