রাজনৈতিক পরিস্থিতির কারণে বাংলাদেশে আসছেন না মুফতি তাকি উসমানি

দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কারণে পাকিস্তানের শায়খুল ইসলাম জাস্টিস মুফতি তাকি উসমানির বাংলাদেশ সফর বাতিল করা হয়েছে। তবে ঢাকায় আয়োজিত একটি খতমে বোখারীর অনুষ্ঠানে অনলাইনে বক্তব্য দেবেন তিনি। আর রাজনৈতিক পরিস্থিতি উন্নতি হলে তিনি বাংলাদেশ সফর করবেন।
 

শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সৌদি আরবের আন্তর্জাতিক ফিকহ একাডেমির সদস্য মুফতি মিজানুর রহমান সাঈদ।

সংবাদ সম্মেলনে মুফতি মিজানুর রহমান সাঈদ বলেন, আগামী ২২ নভেম্বর ভোরে সাত দিনের সফরে বাংলাদেশে আসার কথা ছিল মুফতি তাকি উসমানির। প্রায় দেড় যুগ পর তার এই সফরকে ঘিরে সব ধরনের প্রস্তুতি ও কর্মসূচি চূড়ান্ত করা হয়েছিল। তবে দেশের বর্তমান পরিস্থিতির কারণে শেষ পর্যন্ত সফরটি বাতিল করতে হয়েছে।

তিনি জানান, মুফতি তাকি উসমানির সফর উপলক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ধর্ম মন্ত্রণালয়ের প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছিল। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাকে ভিআইপি প্রটোকল দেওয়ার বিষয়েও জানানো হয়েছিল। ধর্ম মন্ত্রণালয়ও সহযোগিতা করেছিল।

তবে সফরের জন্য প্রয়োজনীয় অনাপত্তিপত্রের (এনওসি) প্রক্রিয়া সম্পন্ন হয়নি। তার সফরসঙ্গীদের এনওসি দেওয়া হলেও মুফতি তাকি উসমানির ক্ষেত্রে তা দেওয়া হয়নি। দেশের বর্তমান পরিস্থিতির কারণেই তাকে এনওসি দেওয়া হয়নি বলে জানান মুফতি মিজানুর রহমান সাঈদ।

তিনি আরও বলেন, সফর বাতিল হওয়ায় তারা দুঃখিত। দেশের সার্বিক পরিস্থিতির উন্নতি হলে মুফতি তাকি উসমানি বাংলাদেশে আসবেন বলে আশা করছেন তারা। তার বক্তব্য শোনা ও তাকে একনজর দেখার জন্য বাংলাদেশের বহু মানুষ অপেক্ষা করছেন। আপাতত ঢাকার একটি খতমে বোখারীর অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য দেবেন তিনি।