‘আল্লাহ আমাকে হাজার কোটি টাকার মালিক করে মিমকে জীবনসঙ্গী করে দিন’, পাগলা মসজিদের দানবাক্সে চিঠি

হাজার কোটি টাকার মালিক হওয়ার আকাঙ্ক্ষা, প্রিয় মানুষকে বিয়ে করে জীবনসঙ্গী হিসেবে পাওয়ার স্বপ্ন। পাশাপাশি পবিত্র রমজান মাসেই বিয়ের প্রত্যাশা। এমন ব্যতিক্রমী ইচ্ছার কথা জানিয়ে লেখা একটি চিঠি পাওয়া গেছে কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে।

শনিবার (২১ নভেম্বর) সকাল ৭টায় চার মাস ২৫ দিন পর আবারও খোলা হয় পাগলা মসজিদের ১৫টি দানবাক্স। জেলা প্রশাসক ও মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিনের নেতৃত্বে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে শুরু হয় দানবাক্স খোলার কার্যক্রম।

দানবাক্সে পাওয়া চিঠিতে লেখা হয়েছে, ‘হে আল্লাহ, আমার জীবনের গুনাহ মাফ করে দেন। আমাকে একটা সুন্দর জীবন দান করেন। আমাকে হাজার কোটি টাকার মালিক করে দিন। মিমকে আমার জীবনসঙ্গী হিসেবে দিয়ে দিন। পবিত্র মাহে রমজান মাসে আমাদের বিয়ে দিয়ে দিন। (আমিন)।’

চিঠির শেষে লেখা রয়েছে, আবু সাঈদ + মিম।

এবার দানবাক্সগুলো থেকে পাওয়া গেছে ৫১ বস্তা টাকা। এ ছাড়া মিলেছে বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা ও স্বর্ণালংকার। পরে মসজিদের দ্বিতীয় তলার মেঝেতে এসব টাকা ঢেলে শুরু হয় গণনার কাজ।

দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে নানা শ্রেণি-পেশার মানুষ নিজেদের মনের বাসনা পূরণ, বিপদ-আপদ থেকে মুক্তি এবং আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় এখানে দান করে থাকেন। সেই দানের অর্থের সঙ্গে মাঝেমধ্যেই পাওয়া যায় ভক্তদের এমন আবেগ, প্রত্যাশা আর প্রার্থনাভরা চিঠি।