ইরানের পরমাণু নীতি বদলের পক্ষে নয় চীন-রাশিয়া: আরাগচি

ইরানের পরমাণু অস্ত্রবিষয়ক নীতিতে কোনো পরিবর্তন আনার পক্ষে নয় চীন ও রাশিয়া। এমনটাই জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তার দাবি, তেহরানের বর্তমান পরমাণু নীতি অপরিবর্তিত রাখার বিষয়ে দেশ দুটির অবস্থানও ইরানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

শনিবার (২১ নভেম্বর) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রকাশিত এক সাক্ষাৎকারে এসব কথা বলেন আরাগচি।

ইরানের পরমাণু নীতি নিয়ে দেশটির রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক সংঘাত এবং ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার পর এ বিতর্ক আরও জোরালো হয়েছে। দেশটির একাংশ মনে করছে, নিরাপত্তা নিশ্চিত করতে পরমাণু নীতিতে পরিবর্তন আনা প্রয়োজন। এমনকি পরমাণু অস্ত্র তৈরির পথও বিবেচনায় নেওয়ার পক্ষে মত দিয়েছেন কেউ কেউ।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ‘ইরান ডেইলি’কে দেওয়া সাক্ষাৎকারে আরাগচি বলেন, দেশের পরমাণু নীতি আগের মতোই রাখা উচিত বলে মনে করেন অনেকে। আবার কেউ কেউ এতে পরিবর্তন আনার প্রয়োজনীয়তার কথা বলছেন। উভয় পক্ষেরই নিজস্ব যুক্তি ও অবস্থান রয়েছে।

তিনি বলেন, বিষয়টি অত্যন্ত বিস্তৃত ও গুরুত্বপূর্ণ। এ নিয়ে সমর্থন ও বিরোধিতা দুই ধরনের মতামতই রয়েছে।

চীন ও রাশিয়াও ইরানের পরমাণু নীতিতে পরিবর্তনের বিরোধিতা করছে বলে জানান আরাগচি। দেশ দুটির সঙ্গে ইরানের কৌশলগত সহযোগিতা চুক্তিও রয়েছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, এখন পর্যন্ত দেশটির পরমাণু নীতিতে কোনো পরিবর্তন আসেনি। এ বিষয়ে সরকারের আনুষ্ঠানিক অবস্থানও আগের মতোই রয়েছে।

সূত্র: দ্য টাইমস অব ইসরায়েল