টাঙ্গাইলে নিখোঁজের দুদিন পর পুকুর থেকে কলেজছাত্রের মরদেহ উদ্ধার

নিখোঁজের দুই দিন পর রবিউল আলম (১৮) নামে এক কলেজছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২১ নভেম্বর) বিকেলে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বহুরিয়া ইউনিয়নের আড়াইপাড়া গ্রামের একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

রবিউল ভাওড়া ইউনিয়নের কামারপাড়া গ্রামের মৃত কফিল উদ্দিন মিয়ার ছেলে। সে মির্জাপুর শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী ছিল।

রবিউলের পারিবারিক সূত্র জানায়, রবিউল গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে আড়াইপাড়া গ্রামের রাজিব চাঁনের বাড়িতে বার্ষিক ওরশ মাহফিলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়।

ইউপি চেয়ারম্যান মাসুদুর রহমান মাসুদসহ একাধিক ব্যক্তি জানান, ওরশ মাহফিলে গান শোনাকে কেন্দ্র করে গেড়ামারা গ্রামের কয়েকজন যুবকের সঙ্গে রবিউলের মারামারির ঘটনা ঘটেছিল বলে তারা জানতে পারেন। এরপর আর বাড়ি ফেরেনি। রবিউল বাড়ি না ফেরায় তার পরিবারের মধ্যে উদ্বেগ আর উৎকণ্ঠা দেখা দেয়। শনিবার বিকেলে আড়াইপাড়া গ্রামের পুকুরের পানিতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরে সেটি রবিউলের বলে তার পরিবারের লোকজন শনাক্ত করেন।

রবিউলের বোন জামাই জহিরুল ও তার পরিবার অভিযোগ করেন, পরিকল্পিতভাবে রবিউলকে হত্যার পর মরদেহ গুম করার জন্য পুকুরের পানিতে ফেলে দেয়। তারা হত্যার রহস্য উদঘাটনসহ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার জন্য জোর দাবি জানিয়েছেন।

মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. লোকমান হোসেন বলেন, স্থানীয় এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে আড়াইপাড়া গ্রামের পুকুর থেকে কলেজ ছাত্র রবিউলের মরদেহটি উদ্ধার করা হয়। সেটি ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। পরিবার থেকে অভিযোগ করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থাসহ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করা হবে।