স্থানীয় সরকার আইন সংশোধন করা হয়েছে এবং আগামীতে স্থানীয় সরকার নির্বাচন আর দলীয়ভাবে বা দলীয় প্রতীকে অনুষ্ঠিত হবে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
তিনি বলছেন, স্থানীয় সরকার নির্বাচনে দলীয়ভাবে সরাসরি কাউকে মনোনয়ন দেওয়ার সুযোগ নেই। ব্যানার-পোস্টারেও কোনো দলের প্রার্থী হিসেবে পরিচয় দেওয়া যাবে না। তবে জেলা ও উপজেলা পর্যায়ে বিএনপির পক্ষ থেকে কোনো প্রার্থীকে সমর্থন দেওয়া হলে তা ঘোষণা করা হবে। কেউ দলের সিদ্ধান্তের বাইরে গেলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
শনিবার (২১ নভেম্বর) বিকালে রংপুর শহীদ আবু সাঈদ স্টেডিয়াম ও ইনডোর স্টেডিয়াম উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
আওয়ামী লীগ প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, দলটিকে নিষিদ্ধ করা অন্তর্বর্তীকালীন সরকারের একটি সঠিক ও যৌক্তিক সিদ্ধান্ত ছিল। বাংলাদেশে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করতে যদি সংবিধান সংশোধনের প্রয়োজন হয়, তবে সরকার ও বিরোধী দল ঐকমত্যের ভিত্তিতে সেই সিদ্ধান্ত নেবে। পলাতক ও নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল দেশে যত ষড়যন্ত্রই করুক না কেন, তা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে এবং দেশে তাদের পুনরুত্থানের কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেন তিনি।
গোপালগঞ্জের সাম্প্রতিক ঘটনা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মীর শাহে আলম বলেন, পলাতক ও নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা দেশের দু-এক জায়গায় পেট্রল বোমা মেরে ও থানা পুড়িয়ে অরাজকতা সৃষ্টির মাধ্যমে শহীদ আবু সাঈদসহ অন্যদের আত্মত্যাগকে বিসর্জন দিয়ে নতুন করে কিছু করার চেষ্টা করছে। তবে এতে কোনো লাভ হবে না। কোনো জেলার মানুষ যদি মনে করে তাদের থানা, সরকারি অফিস-আদালত বা উন্নয়নের প্রয়োজন নেই, তবে বর্তমান সরকার সেখানে তা করবে না; জনগণ কী চায় তার ওপরই সব নির্ভর করবে বলে জানান তিনি।
রংপুর অঞ্চলের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে প্রতিমন্ত্রী জানান, শহীদ আবু সাঈদ স্টেডিয়াম সংস্কারের জন্য ৫৪ লাখ টাকার প্রকল্প নেওয়া হয়েছে এবং রংপুর নগরীর উন্নয়নে ১ হাজার ৮০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এ ছাড়া এলজিইডি, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ, জেলা পরিষদ ও সিটি করপোরেশনের উন্নয়নে আরও কর্মসূচি নেওয়া হলে তা অনুমোদন করা হবে।
তিনি আরও বলেন, রংপুর অঞ্চলের সব জেলার জন্য সাড়ে ৫ হাজার কোটি টাকার প্রকল্প বাস্তবায়নের অপেক্ষায় রয়েছে। যার মধ্যে শুধু রংপুর জেলার উন্নয়নেই সাড়ে ৫০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। পাশাপাশি গাইবান্ধা, নীলফামারী, কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলার জন্য আলাদা উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এ ছাড়া রংপুর বিভাগের মানুষের সর্বোচ্চ উপকারের কথা বিবেচনা করে সুবিধাজনক স্থানে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণ করা হচ্ছে বলেও জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন, মা মানোয়ারা বেগম, ভাই আবু হোসেন, সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রেজেকা সুলতানা ফেন্সি, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু, সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ উন-নবী চৌধুরী, রংপুর জেলা প্রশাসক ইসরাত জাহান, জেলা পুলিশ সুপার মোজাম্মেল হক ও জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলামসহ অন্যরা।