ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শেখ মুজিবুর রহমান হলের কাটাবন-শাহবাগ সড়কসংলগ্ন পকেট গেট খুলে দেওয়া হয়েছে। গেটটি বন্ধ রাখার সিদ্ধান্তের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে শনিবার (২১ নভেম্বর) রাতে এটি খুলে দেওয়া হয়।
এর আগে রাত ৯টা ৫০ মিনিটের দিকে গেটটি খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ শুরু করেন বিভিন্ন হলের শিক্ষার্থীরা। এতে বিভিন্ন হলের শিক্ষার্থীরা অংশ নেন।
বিক্ষোভ চলাকালে ঘটনাস্থলে উপস্থিত হন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মীর মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন আলী ও অধ্যাপক ড. এনামুল হক সজীব। এ সময় তাদের সামনে শিক্ষার্থীদের ‘ভুয়া, ভুয়া’ স্লোগান দিতে দেখা যায়। আন্দোলন শুরুর প্রায় আধা ঘণ্টার মধ্যেই প্রশাসন গেটটির তালা খুলে দেয়। এ সময় শিক্ষার্থীদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়।
শিক্ষার্থীরা জানান, গেটটি বন্ধ থাকায় প্রতিদিন যাতায়াতে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছিল তাদের। বিশেষ করে টিউশনি, জরুরি প্রয়োজনে ওষুধ ও খাবার সংগ্রহ এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটার ক্ষেত্রে বাড়তি সময় ও অর্থ ব্যয় করতে হচ্ছিল। এ কারণে তারা গেটটি পুনরায় খুলে দেওয়ার দাবি জানান।
জানা যায়, ক্যাম্পাসে একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনার পর গত মঙ্গলবার (১৭ নভেম্বর) উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সমন্বয় সভায় শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে শেখ মুজিবুর রহমান হলসংলগ্ন পকেট গেটটি সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।
হলপাড়াসহ বিশ্ববিদ্যালয়ের কয়েকটি আবাসিক হলের হাজার হাজার শিক্ষার্থীর বাইরে যাতায়াতের অন্যতম প্রধান পথ এই পকেট গেট। আগে গেটটি খোলা থাকায় কাটাবন মার্কেট, আজিজ সুপার মার্কেট ও পিজি হাসপাতালসহ শাহবাগ এলাকায় সহজে যাতায়াত করতে পারতো শিক্ষার্থীরা।
কিন্তু গেটটি বন্ধ থাকায় শিক্ষার্থীদের শাহবাগ মোড় ঘুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ, কলা ভবন ও মল চত্বর হয়ে এক কিলোমিটারের বেশি পথ পাড়ি দিয়ে হলে প্রবেশ করতে হচ্ছিল। এতে প্রতিবার যাতায়াতে অতিরিক্ত ৪০-৬০ টাকা রিক্সাভাড়া গুনতে হচ্ছিল। বাড়তি খরচ এড়াতে হেঁটে যাতায়াত করলে আধা ঘণ্টার বেশি সময় ব্যয় করতে হচ্ছিল বলে জানান শিক্ষার্থীরা।