১৪ বছরের বকেয়া বেতন ও পদোন্নতির দিয়ে উচ্চ আদালতের রায় ও ২৭০তম সিন্ডিকেট সভার সিদ্ধান্ত বাস্তবায়নের দাবিতে ৯৮৮ জন কর্মকর্তা-কর্মচারীর আন্দোলন ঘিরে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অস্থিরতা বিরাজ করছে। গত সোমবার টানা ৯ ঘণ্টা ক্যাম্পাস ঘেরাও, ভিসি অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ অবরুদ্ধ হওয়ার পর বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী গত মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ক্যাম্পাস বন্ধ রাখা হয়। শুক্র ও শনিবার ছিল সাপ্তাহিক ছুটি। মোট পাঁচ দিন বন্ধ থাকার পর অস্থিরতার মধ্যে আজ রোববার (২২ নভেম্বর) ক্যাম্পাস খুলছে।
ইতিমধ্যে আন্দোলনকারী ১৭২ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। তদন্তে শিক্ষা মন্ত্রণালয়ের গঠিত পাঁচ সদস্যের কমিটি আজ ধানমন্ডিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কার্যালয়ে যাচ্ছে। তদন্ত কমিটির প্রধান হলেন ইউজিসি সদস্য ড. আব্দুল্লাহ-আল-মামুন। এদিকে আজ রোববার আন্দোলনকারীরা অগ্রিম জামিনের জন্য যাচ্ছেন হাইকোর্টে।
আন্দোলনকারী ১০ জন নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, চারদলীয় জোট সরকারের আমলে ২০০৩ সালের ১৭ নভেম্বর থেকে ২০০৪ সালের ৩১ আগস্ট পর্যন্ত সময়ে সেকশন অফিসার, সহকারী রেজিস্ট্রারসহ জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পদে ৯৮৮ জন যোগদান করেন। তাদের চাকরির বৈধতা নিয়ে তত্কালীন সংসদ সদস্য ফজলে রাব্বী মিয়া বাদী হয়ে জনস্বার্থে মামলা করেন। ২০০৬ সালে মামলার রায় চাকরিরতদের পক্ষে যায়। ২০১০ সালে সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বাদীর পক্ষে ঐ রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করেন। ২০১১ সালে ৯৮৮ জনের চাকরি অবৈধ ঘোষণা করে আদালত রায় দেয়। পরে ৯৮৮ জনের পক্ষে আপিল করা হয়। আপিলেও রায় বহাল থাকে। অর্থাৎ তারা চাকরি হারান। পরে ৯৮৮ জনের পক্ষে রিভিউ করা হয়। বিগত অন্তর্বর্তী সরকারের সময় আদালত রিভিউ আবেদন গ্রহণ করে এবং ২০২৫ সালের ৭ মে তাদের চাকরিতে পুনর্বহালের আদেশ প্রদান করে। একই সঙ্গে চাকরিচ্যুতির সময় থেকে পুনর্বহাল পর্যন্ত সময়কে অসাধারণ ছুটি হিসেবে গণ্য এবং ঐ সময়ের সিনিয়রিটি অক্ষুণ্ণ রাখার কথা বলা হয়। চাকরিচ্যুতদের ভোগান্তি ও মানবিক দিক বিবেচনায় তাদের সুযোগ-সুবিধার বিষয় নির্ধারণের ক্ষমতাও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে দেওয়া হয়।
এর আগে ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর সিন্ডিকেটের ২৭০তম সভায় চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীদের পুনর্বহাল ও তাদের প্রাপ্য সুবিধা নিশ্চিত করার বিষয়ে আপিল বিভাগে রিভিউ পিটিশন দায়েরের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সিন্ডিকেট সিদ্ধান্ত নিয়েছিল তাদের বকেয়া বেতন-ভাতা দেওয়া হবে এবং নিয়ম অনুযায়ী পদোন্নতি পাবেন। আদালতের নির্দেশনা অনুযায়ী তাদের চাকরিতে পুনর্বহাল করা হয়েছে। কিন্তু ১৪ বছরের বকেয়া বেতন দেওয়া হয়নি। চারটি পদোন্নতি পাওয়ার যোগ্য হলেও দেওয়া হয়েছে দুটি। তা-ও আবার ৭০ জন পেয়েছেন মাত্র একটি পদোন্নতি।
আন্দোলনকারীদের প্রধান সমন্বয়ক ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরিচালক (ভারপ্রাপ্ত, তথ্য ও সেবা) মো. মিয়া হোসেন রানা শনিবার ইত্তেফাককে বলেন, আদালতের রায়ের পর থেকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে দফায় দফায় আলোচনা হয়েছে। কিন্তু আদালতের রায় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভার সিদ্ধান্ত ভিসি মানতে রাজি নন। তিনি চারটা পদোন্নতি দিতে রাজি হচ্ছেন না। একই সঙ্গে ১৪ বছরের বকেয়া বেতন-ভাতা দেবেন না বলে জানিয়ে দিয়েছেন। দীর্ঘ ১৮ মাসে নানাভাবে দাবি-দাওয়া জানানোর একপর্যায়ে গত রবিবার গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে বিক্ষোভ কর্মসূচিতে নামেন সংশ্লিষ্টরা। ঐ দিন উপাচার্যের অনুপস্থিতিতেই তারা তার দপ্তর ঘেরাও করে এই বিক্ষোভ করেন। পরদিন সোমবারও একই কর্মসূচিতে নামলে উপাচার্যসহ শীর্ষ কর্মকর্তারা অবরুদ্ধ হয়ে পড়েন। মো. মিয়া হোসেন রানা বলেন, সুপ্রিম কোর্টের রায় বাস্তবায়নের দাবিতে আমরা ক্যাম্পাসে ১০ ঘণ্টা অবস্থান কর্মসূচি পালন করি। আমরা তো ভিসিকে অবরুদ্ধ করেনি। ক্যাম্পাসে কোথাও কোনো ভাঙচুরের ঘটনাও ঘটেনি। তারপরও আমাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে। সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় হলো—২২ কর্মকর্তা ও অজ্ঞাতনামা প্রায় ১৫০ জনের বিরুদ্ধে করা মামলার বাদী হয়েছেন সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের ভাগনে। তিনি বলেন, আজ আমাদের কোনো কর্মসূচি নেই। সন্ত্রাসবিরোধী আইনে করা মামলাটি আইনগতভাবে তারা মোকাবিলা করবেন।