গুলিস্তান থেকে গাবতলী পাঁচ বাসকেন্দ্রে অব্যবস্থাপনা

রাজধানীর গণপরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ পাঁচটি বাসকেন্দ্র গুলিস্তান, ফুলবাড়িয়া, সায়েদাবাদ, মহাখালী ও গাবতলী। প্রতিদিন হাজার হাজার মানুষ এসব কেন্দ্র ব্যবহার করে দেশের বিভিন্ন গন্তব্যে যাতায়াত করেন। অথচ বিপুলসংখ্যক যাত্রীর চাপ সামাল দেওয়ার মতো পরিকল্পিত ব্যবস্থাপনা ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা গড়ে ওঠেনি। কোথাও বাসের জন্য দীর্ঘ অপেক্ষা, কোথাও সড়কে বাস দাঁড় করিয়ে যাত্রী ওঠানামা, কোথাও অবৈধ কাউন্টার ও যানজট। পাশাপাশি অপর্যাপ্ত শৌচাগার, অপেক্ষাগার ও নিরাপত্তাব্যবস্থার অভাবে প্রতিনিয়ত ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা।

বিশেষ করে নারী, শিশু, বয়স্ক ও অসুস্থ যাত্রীদের দুর্ভোগ বেশি। প্রাপ্ত তথ্যে জানা যায়, গাবতলী, সায়েদাবাদ ও মহাখালী—এই তিন টার্মিনালে প্রতিদিন গড়ে প্রায় ৩ হাজার ৭০০ বাস চলাচল করে। প্রতি বাসে গড়ে ৩০ জন যাত্রী হিসাব করলে এসব টার্মিনাল দিয়ে প্রতিদিন প্রায় ১ লাখ ১১ হাজার মানুষের যাতায়াত হয়। এত বিপুলসংখ্যক মানুষের জন্য অপেক্ষাগার, শৌচাগার ও যানবাহন নিয়ন্ত্রণের ব্যবস্থা পর্যাপ্ত নয়।

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির অতিরিক্ত মহাসচিব এ এস এম আহমেদ খোকন যাত্রীদের দুর্ভোগের কথা স্বীকার করে বলেন, টার্মিনালের ব্যবস্থাপনার সঙ্গে তারা সরাসরি যুক্ত নন। এগুলো নিয়ন্ত্রণ করে সিটি করপোরেশন। তাদের পক্ষ থেকে নিয়মিত সিটি করপোরেশনকে তাগাদা দেওয়া হচ্ছে। একই কথা বলেছেন ঢাকা জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হাজী আবুল কাশেম। তিনি বলেন, ফুলবাড়িয়া বাস টার্মিনাল মূলত সিটি টার্মিনাল হলেও সেখান থেকে আন্তঃজেলা বাস চলাচল করে। আন্তঃজেলা বাসের যাত্রীদের জন্য বিআরটিসির ডিপোর একটি কক্ষে বসার ব্যবস্থা রয়েছে, যদিও তা সীমিত। ঈদ ও পূজার সময় তাদের উদ্যোগে তাঁবু টানিয়ে যাত্রীদের বসার ব্যবস্থা করা হয়।

গুলিস্তান ও ফুলবাড়িয়া: রাজধানীর অন্যতম ব্যস্ত পরিবহনকেন্দ্র গুলিস্তানে এখনো শৃঙ্খলা ফেরেনি। বাসের এলোমেলো অবস্থান, যত্রতত্র যাত্রী ওঠানামা এবং সড়কে বাসের দীর্ঘ সারিতে প্রতিদিন যানজট সৃষ্টি হচ্ছে। গুলিস্তান, ফুলবাড়িয়া ও বঙ্গবাজার এলাকায় ব্যস্ত সময়ে পরিস্থিতি আরও জটিল হয়। আন্তঃজেলা বাস টার্মিনাল সরিয়ে নেওয়ার উদ্যোগ থাকলেও বিকল্প ব্যবস্থাপনা পুরোপুরি কার্যকর হয়নি। নগর পরিবহনের বাসও নির্ধারিত স্থানে না থেমে সড়কের বিভিন্ন অংশে দাঁড়িয়ে যাত্রী তুলছে। ফুলবাড়িয়াতেও বাসের বিশৃঙ্খল চলাচল, নির্দিষ্ট স্থানে গাড়ি না রাখা এবং যত্রতত্র যাত্রী ওঠানামায় ভোগান্তি বাড়ছে। পর্যাপ্ত বসার জায়গা ও পরিচ্ছন্ন শৌচাগারের অভাবও রয়েছে।

সায়েদাবাদ: এই টার্মিনালে বাস রাখার জায়গার সংকট, বাইরে অবৈধ কাউন্টার এবং সড়কে বাস দাঁড় করিয়ে যাত্রী ওঠানামা যানজটের অন্যতম কারণ। টার্মিনালের ধারণক্ষমতা ৭০০ থেকে ৮০০ বাস হলেও পরিবহনসংশ্লিষ্ট সূত্রের হিসাবে সেখানে ২ হাজার ৫০০ থেকে ৩ হাজার বাস রাখা হয়। টার্মিনালের বাইরে বাস দাঁড়িয়ে যাত্রী সংগ্রহ করায় মূল সড়কের বড় অংশ আটকে যায়। কাউন্টার উচ্ছেদ নিয়েও মালিকদের আপত্তি রয়েছে। তাদের বক্তব্য, ভেতরে পর্যাপ্ত কাউন্টার বরাদ্দ না দিয়ে বাইরে থেকে কাউন্টার সরিয়ে দেওয়ায় টিকিট বিক্রি ও যাত্রী ব্যবস্থাপনায় সমস্যা তৈরি হয়েছে। অন্যদিকে যাত্রীদের অভিযোগ, বাস ছাড়ার আগে অপেক্ষা করার মতো পর্যাপ্ত জায়গা নেই।

মহাখালী: এই টার্মিনালে যাত্রীদের অন্যতম অভিযোগ অপর্যাপ্ত ও অপরিচ্ছন্ন শৌচাগার। চারটি গণশৌচাগারের কোনোটিতেই নারীদের জন্য পর্যাপ্ত আলাদা ব্যবস্থা নেই বলে অভিযোগ রয়েছে। পরিবহন নেতাদের ভাষ্য, অনেক দূরপাল্লার যাত্রী টার্মিনালে না গিয়ে সড়কের বিভিন্ন স্থানে দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষা করেন। সেখানে ভাড়া নিয়ে দরদাম করে বাসে ওঠেন। টার্মিনালে যাত্রী কম থাকায় গেটলক পদ্ধতি কার্যকর করাও কঠিন হচ্ছে। পাশাপাশি লোকাল বাসের যত্রতত্র যাত্রী ওঠানামায় যানজট বাড়ছে।

গাবতলী: এখানেও দীর্ঘ অপেক্ষা, শৌচাগারের অপরিচ্ছন্নতা ও বসার জায়গার সংকটে ভুগছেন যাত্রীরা। টার্মিনাল ভবনের অপেক্ষাগারের একাংশ দীর্ঘদিন ধরে অব্যবহৃত। সেখানে থাকা শীতাতপ নিয়ন্ত্রণযন্ত্র, বেঞ্চ ও সোফা লুট হওয়ার পরও সংস্কার হয়নি। ফলে যাত্রীদের বাইরে দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষা করতে হয়। টিকিটের নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নেওয়ার অভিযোগও রয়েছে। সম্প্রতি গাবতলী থেকে আরিচাগামী এক যাত্রী সেলফি পরিবহনের ভাড়া ১৫০ টাকার পরিবর্তে ২৫০ টাকা নেওয়ার অভিযোগ করেন। এ ধরনের অনিয়ম বন্ধে নিয়মিত তদারকির দাবি জানিয়েছেন যাত্রীরা।

রাজধানীর যানজট কমাতে চারটি আন্তঃজেলা বাস টার্মিনাল স্থানান্তরের পরিকল্পনা নিয়েছে সরকার। পরিকল্পনা অনুযায়ী, গাবতলী থেকে হেমায়েতপুর, মহাখালী থেকে টঙ্গী-আবদুল্লাহপুরের কাছাকাছি, সায়েদাবাদ থেকে কাঁচপুর এবং ফুলবাড়িয়া থেকে কেরানীগঞ্জে টার্মিনাল সরিয়ে নেওয়ার উদ্যোগ রয়েছে। তবে পরিবহন মালিক ও যাত্রীদের প্রশ্ন, শুধু টার্মিনাল স্থানান্তর করলেই কি সমস্যার সমাধান হবে? তাদের মতে, নতুন টার্মিনালের পাশাপাশি সুশৃঙ্খল বাস চলাচল, পর্যাপ্ত কাউন্টার, অপেক্ষাগার, শৌচাগার ও নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত না হলে যাত্রীদের দুর্ভোগ থেকেই যাবে।