হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৭ কেজি ৫০০ গ্রাম ওজনের ১৫টি ডিম্বাকৃতির স্বর্ণের পেস্ট উদ্ধার করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১১ কোটি ৬৭ লাখ টাকা।
শনিবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে বিমানবন্দরের আগমনী ২ নম্বর ক্যানোপির আউটগেট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- মুন্সীগঞ্জ সদর উপজেলার মো. ইয়াছিন আরাফাত সৌরভ (২৯), নোয়াখালীর সুধারাম উপজেলার মো. জাকিরুল ইসলাম জুয়েল (৫৩) এবং কুমিল্লার বরুড়া উপজেলার মো. শাওন (৩৯)।
এয়ারপোর্ট এপিবিএনের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই তিন ব্যক্তি পালানোর চেষ্টা করেন। এ সময় এপিবিএনের সদস্যরা তাদের আটক করেন। পরে এপিবিএন কার্যালয়ে নিয়ে প্রথম আটক ব্যক্তি ইয়াছিন আরাফাত সৌরভের দেহ তল্লাশি করা হয়। এ সময় তার কোমড়ে কমলা রঙের কাপড়ে মোড়ানো ১৫টি ডিম্বাকৃতির বস্তু পাওয়া যায়।
পরবর্তী সময়ে স্বর্ণকারের মাধ্যমে পরীক্ষা-নিরীক্ষা ও রাসায়নিক বিশ্লেষণে বস্তুগুলো স্বর্ণের পেস্ট বলে শনাক্ত করা হয়। উদ্ধার করা স্বর্ণের পেস্টের বিশুদ্ধতা ২৪ ক্যারেট। এর মোট ওজন ৭ কেজি ৫০০ গ্রাম, যা প্রায় ৬৪৩ ভরি। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১১ কোটি ৬৭ লাখ টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটক ব্যক্তিদের মধ্যে প্রথম ব্যক্তি সৌদি আরবে নিয়মিত যাতায়াত করেন। সেখান থেকে অভিনব কৌশলে স্বর্ণ বাংলাদেশে এনে অপর দুই আটক ব্যক্তি এবং দেশে অবস্থানরত অজ্ঞাতনামা ব্যক্তিদের সহযোগিতায় চোরাচালান করে আসছিলেন। তারা দীর্ঘদিন ধরে বিমানবন্দরকেন্দ্রিক স্বর্ণ চোরাচালানের সঙ্গে জড়িত।
এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিমানবন্দর থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫বি(১)(বি)/২৫ডি ধারায় অপরাধের প্রাথমিক অভিযোগ আনা হচ্ছে।
এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিমানবন্দর থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫বি(১)(বি)/২৫ডি ধারায় অপরাধের প্রাথমিক অভিযোগ আনা হচ্ছে।
এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার (অতিরিক্ত ডিআইজি) মো. বশির আহমেদ বলেন, কয়েক দিন ধরে গোয়েন্দা সূত্রে তারা জানতে পারেন, একটি চক্র পেস্ট আকারে স্বর্ণ চোরাচালানের চেষ্টা করছে।
এ তথ্যের ভিত্তিতে গোয়েন্দা নজরদারি ও তৎপরতা বাড়ানো হয়। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৭ কেজি ৫০০ গ্রাম স্বর্ণের পেস্ট উদ্ধার এবং চক্রের তিন সদস্যকে আটক করা হয়েছে।
তিনি আরও বলেন, এ চক্রের সঙ্গে আর কারা জড়িত, তা শনাক্ত করতে বিস্তারিত তদন্ত ও গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে। চোরাচালান ও অপরাধ দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।