রাষ্ট্রের সম্পদ কাহার জন্য ব্যয় হইবে?

সম্প্রতি ইউরোপের ২০টিরও অধিক দেশের প্রায় ৪০০টি শহরে শিক্ষার্থী ও তরুণ শ্রমিকদের বিক্ষোভ কীসের ইঙ্গিত দিতেছে? জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, আবাসন সংকট, শিক্ষার দুরবস্থা এবং সামরিক খাতে ক্রমবর্ধমান ব্যয়ের প্রতিবাদে ৫০টিরও অধিক যুব ও ছাত্রসংগঠনের অংশগ্রহণে এই আন্দোলনের যে বিস্তার ঘটিয়াছে, তাহা কেবল কয়েকটি দেশের অভ্যন্তরীণ অসন্তোষের বহিঃপ্রকাশ বলিয়া উড়াইয়া দেওয়ার অবকাশ নাই। আন্দোলনের স্লোগান, 'আমাদের ভবিষ্যতের জন্য লড়ুন, তাহাদের যুদ্ধের জন্য নহে'-ইহার মধ্যে নিহিত রহিয়াছে এক গভীর রাজনৈতিক ও সভ্যতাগত প্রশ্ন। ইউরোপের ইতিহাসে তরুণদের আন্দোলন বহু বার রাষ্ট্র ও সমাজের পরিবর্তনের অনুঘটক হইয়াছে। ১৯৬৮ সালের ছাত্র আন্দোলন, ভিয়েতনাম যুদ্ধবিরোধী গণপ্রতিবাদ কিংবা সাম্প্রতিক সময়ে ফ্রান্সের ইয়েলো ভেস্ট আন্দোলন-প্রতিটি ঘটনাই প্রচলিত রাজনৈতিক বন্দোবস্তের ভিত নাড়াইয়া দিয়াছে। ইউরোপের এই নূতন আন্দোলনের বিশেষত্ব হইল, ইহা জাতীয় সীমানা অতিক্রম করিয়া একটি অভিন্ন সংকটের বিরুদ্ধে সম্মিলিত প্রতিবাদে পরিণত হইয়াছে। ইতালি, ফ্রান্স, জার্মানি, স্পেন, পর্তুগাল, গ্রিস, বেলজিয়াম হইতে যুক্তরাজ্য পর্যন্ত একই প্রশ্ন উচ্চারিত হইতেছে-রাষ্ট্রের সম্পদ কাহার জন্য ব্যয় হইবে, মানুষের জীবনমান উন্নয়নের জন্য, না যুদ্ধের প্রস্তুতির জন্য?

প্রশ্নটির গুরুত্ব বুঝিতে হইলে বর্তমান বিশ্বরাজনীতির দিকে তাকাইতে হইবে। ইউক্রেন যুদ্ধ, মধ্যপ্রাচ্যের সংঘাত, ইরানকে ঘিরিয়া উত্তেজনা এবং পোল্যান্ডের আকাশসীমায় রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোনের অনুপ্রবেশ ইউরোপের নিরাপত্তাবোধকে গভীরভাবে নাড়া দিয়াছে। ন্যাটোর সামরিক তৎপরতা বাড়িতেছে, অস্ত্রের মজুত বৃদ্ধি পাইতেছে, কোনো কোনো দেশে বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ ফিরাইয়া আনার উদ্যোগ চলিতেছে। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজও সতর্ক করিয়াছেন, যুদ্ধকে স্বাভাবিক ঘটনা হিসাবে গ্রহণ করার প্রবণতা বিশ্বকে আরেকটি মহাবিপর্যয়ের দিকে ঠেলিয়া দিতে পারে। এই দিকে, তরুণদের ক্ষোভের মূলেও রহিয়াছে অর্থনৈতিক বাস্তবতা। আবাসন ক্রমেই সাধারণ মানুষের নাগালের বাইরে চলিয়া যাইতেছে, জীবনযাত্রার ব্যয় বাড়িতেছে, শিক্ষার সুযোগ সংকুচিত হইতেছে এবং কর্মজীবনের অনিশ্চয়তা তরুণ প্রজন্মকে হতাশ করিতেছে। এই পরিস্থিতিতে সরকার যখন সামাজিক নিরাপত্তা, শিক্ষা ও জনকল্যাণের খাত হইতে অর্থ সরাইয়া সামরিক প্রস্তুতিতে বিপুল অর্থ ব্যয় করে, তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠে, রাষ্ট্রের অগ্রাধিকার কি জনগণের জীবন, না রাষ্ট্রের সামরিক শক্তি? রোম, মিলানসহ ইতালির বিভিন্ন শহরে শ্রমিক সংগঠনের সাধারণ ধর্মঘট এবং বার্লিনে বাধ্যতামূলক সামরিক নিয়োগের আশঙ্কায় শিক্ষার্থীদের প্রতিবাদ এই অসন্তোষেরই বহিঃপ্রকাশ।

ইতিহাস সাক্ষ্য দেয়, ইউরোপের রাজনৈতিক ও সামাজিক পরিবর্তন বহু বার বিশ্বব্যবস্থার পরিবর্তনের সূচনা করিয়াছে। ফরাসি বিপ্লব আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রচিন্তার ভিত নির্মাণ করিয়াছিল। দুই বিশ্বযুদ্ধের ধ্বংসস্তূপ হইতে জন্ম লইয়াছিল জাতিসংঘকেন্দ্রিক আন্তর্জাতিক ব্যবস্থা। শীতল যুদ্ধের অবসানও ইউরোপের রাজনৈতিক মানচিত্রের পরিবর্তনের মধ্য দিয়াই ত্বরান্বিত হইয়াছিল। সুতরাং ইউরোপের তরুণসমাজের এই সম্মিলিত প্রতিবাদ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বিশ্ব ইতিমধ্যেই এক সন্ধিক্ষণে দাঁড়াইয়া রহিয়াছে। আন্তর্জাতিক ব্যবস্থার পুরাতন ভারসাম্য ভাঙিয়া পড়িতেছে বলিয়া দৃশ্যমান হইতেছে। প্রশ্ন উঠিতেছে, আগামী দিনের বিশ্বব্যবস্থা কি সামরিক শক্তি ও আধিপত্যের ভিত্তিতে পরিচালিত হইবে, না আন্তর্জাতিক আইন, সহযোগিতা ও মানবিক উন্নয়নের ভিত্তিতে গড়িয়া উঠিবে?

এই প্রতিবাদের প্রতিধ্বনি ইউরোপের সীমানায় আবদ্ধ থাকিবার কথা নহে। উন্নয়নশীল দেশসমূহের জন্যও ইহাতে রহিয়াছে গুরুত্বপূর্ণ শিক্ষা। অস্ত্র প্রতিযোগিতা, ভূরাজনৈতিক মেরুকরণ এবং পরাশক্তির স্বার্থের দ্বন্দ্বে সাধারণ মানুষের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও জীবনযাত্রার প্রশ্ন যেন হারাইয়া না যায়। সুতরাং, নূতন বিশ্বব্যবস্থা আসিতেছে কি না, তাহার চূড়ান্ত উত্তর ভবিষ্যৎই দিবে: কিন্তু একটি পরিবর্তনের আভাস ইতিমধ্যেই দৃশ্যমান। ইউরোপের তরুণেরা শাসকদের কাছে জানাইয়া দিয়াছে, যুদ্ধের সিদ্ধান্ত যাহারা গ্রহণ করেন, যুদ্ধের মূল্য তাহারা একা দেন না। সেই মূল্য দিতে হয় সাধারণ মানুষকে, দিতে হয় পরবর্তী প্রজন্মকে। এই প্রজন্মের কণ্ঠস্বর যদি বিশ্বরাজনীতির গতিপথ বদলাইতে পারে, তাহা হইলে তাহাই হইবে একবিংশ শতাব্দীর সবচাইতে তাৎপর্যপূর্ণ পরিবর্তনগুলির অন্যতম।