রাজধানীর কাফরুল থানা এলাকায় অভিযান পরিচালনা করে মিরপুরের সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ও মিরপুর থানা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান পুলককে (৫৬) গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ)।
শনিবার (২১ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
তিনি জানান, শুক্রবার সন্ধ্যায় ইনভেস্টিগেশন বিভাগের একটি দল কাফরুল থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আক্তারুজ্জামান পুলক সন্ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের মদদদাতা ও অর্থ জোগানদাতা।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃতকে কাফরুল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।