কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে শতাধিক ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বোমা, বিস্ফোরক তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম, আগ্নেয়াস্ত্র ও ২৫৪ রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। বিজিবির দাবি, অভিযানের মাধ্যমে বড় ধরনের নাশকতার পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে।
রোববার (২২ নভেম্বর) সকালে ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী অভিযানের বিষয়টি নিশ্চিত করেন।
সূত্র জানায়, দেশের চলমান পরিস্থিতিতে বড় ধরনের নাশকতা সৃষ্টির পরিকল্পনা নিয়ে একটি সংঘবদ্ধ চক্র এসব অস্ত্র ও বিস্ফোরক সংগ্রহ করেছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। চক্রটি মিয়ানমার থেকে এসব অস্ত্র ও বিস্ফোরক সংগ্রহ করে থাকতে পারে বলেও ধারণা করা হচ্ছে।
গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও ২৫৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ছাড়া বিস্ফোরক তৈরিতে ব্যবহৃত স্টিলের তৈরি বডি, বৈদ্যুতিক তার, উন্নতমানের টুলবক্সসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।
বিজিবির ধারণা, উদ্ধার করা আইইডি বোমা ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম সম্ভাব্য নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে মজুত করা হয়েছিল।
অভিযান চলাকালে সন্দেহভাজন ব্যক্তিদের ব্যবহৃত একটি মোটরসাইকেল ও দুটি অটোরিকশাও জব্দ করা হয়। এসব যানবাহনের চালকদেরও আটক করা হয়েছে। তবে তারা উদ্ধার করা অস্ত্র ও বিস্ফোরক সরঞ্জামের সঙ্গে জড়িত, নাকি পরিবহনের জন্য ভাড়া করা হয়েছিল, তা নিশ্চিত হওয়ার চেষ্টা চলছে।