সিলেটে রাত ১২টার পর মোটরসাইকেল চলাচলে বিধিনিষেধ

জননিরাপত্তা নিশ্চিতে সিলেট মহানগর এলাকায় রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত মোটরসাইকেল চলাচল সীমিত করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। 

শনিবার (২১ নভেম্বর) সিলেট মহানগর পুলিশের এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কার্যকর থাকবে এ সিদ্ধান্ত।

মহানগর পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিদিন রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত সিলেট মহানগর এলাকায় যুক্তিসংগত কারণ ছাড়া মোটরসাইকেল চলাচল সীমিত থাকবে।

এ সময়ে জরুরি প্রয়োজনে যারা মোটরসাইকেল নিয়ে চলাচল করবেন, তাদের হালনাগাদ যানবাহনের কাগজপত্র ও বৈধ ড্রাইভিং লাইসেন্স সঙ্গে রাখতে হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।