চট্টগ্রামের ফটিকছড়িতে পঞ্চবটি চা বাগানের শ্রমিকদের সাপ্তাহিক বেতন ও পূজার বোনাসের ৭ লাখ ৩৩ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় এক নারীসহ সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের দেওয়া তথ্য ও স্বীকারোক্তির ভিত্তিতে ছিনতাই হওয়া টাকার মধ্যে ৫ লাখ ৩৩ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে চট্টগ্রাম জেলা পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. সম্রাট (২৪), মো. রাশেদ (২৪), মোহাম্মদ আবু (২১), জিহান উদ্দীন (২৪), মো. জাবেদ (৩৩), মো. সুমন ওরফে সিসিলেন (২২) এবং লিলু আক্তার (২৭)। উদ্ধার হওয়া টাকার মধ্যে ৫ লাখ ৩০ হাজার টাকা পাওয়া গেছে জাবেদের বাড়িতে। বসতঘরের বাঁশের চাটাইয়ের সিলিংয়ের ওপর একটি কালো ব্যাগে টাকাগুলো লুকিয়ে রাখা হয়েছিল।
পুলিশ জানায়, গত ১৫ অক্টোবর দুপুর সাড়ে ১২টার দিকে পঞ্চবটি চা বাগানের ভেতরে মসজিদসংলগ্ন কাঁচা রাস্তায় ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ সময় চা বাগানের সহকারী ব্যবস্থাপক নেপাল দাশ (৬০) ও পল্লিচিকিৎসক বাবুল দাশকে (৫৩) ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে দুর্বৃত্তরা। পরে তাদের কাছে থাকা শ্রমিকদের সাপ্তাহিক বেতন ও পূজার বোনাসের ৭ লাখ ৩৩ হাজার টাকা নিয়ে পালিয়ে যায় তারা।
ঘটনার পরপরই অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে মোহাম্মদ আবু ও জিহান উদ্দীনকে গ্রেপ্তার করে ভূজপুর থানা-পুলিশ। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন রাত ২টার দিকে চা বাগানসংলগ্ন টিলাপাড়া এলাকা থেকে মো. সম্রাট ও মো. রাশেদকে গ্রেপ্তার করা হয়। পরদিন ১৬ অক্টোবর বিকেল ৪টার দিকে চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানা এলাকা থেকে মামলার প্রধান আসামি মো. জাবেদকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ছিনতাই হওয়া ৩ হাজার টাকা উদ্ধার করা হয়।
তদন্তের ধারাবাহিকতায় গত ১৯ নভেম্বর ভূজপুর বাজারে ইউনিয়ন পরিষদের সামনে থেকে মো. সুমন ওরফে সিসিলেনকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্য এবং আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দির সূত্র ধরে ২১ নভেম্বর রাত পৌনে ১০টার দিকে জাবেদের বাড়িতে অভিযান চালায় পুলিশ।
এ সময় জাবেদের স্ত্রী লিলু আক্তারের দেখানো মতে, বসতঘরের সিলিংয়ের ওপর কালো ব্যাগে লুকানো ৫ লাখ ৩০ হাজার টাকা উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তারদের মধ্যে মোহাম্মদ আবু ও মো. সুমন আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। ছিনতাই হওয়া বাকি ২ লাখ টাকা উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।