রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী, শুরুতে কোন দল

জুলাই গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। খুব শিগগির এই সংলাপ শুরু হতে পারে বলে প্রধানমন্ত্রীর দপ্তর এবং সরকারের উচ্চপর্যায়ের দায়িত্বশীল সংশ্লিষ্ট একাধিক সূত্র থেকে জানা যায়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার প্রেক্ষাপটে জাতীয় ঐক্যের লক্ষ্যে আগামী কয়েক দিনের মধ্যে বিভিন্ন দলের সঙ্গে পৃথক মতবিনিময় বা সংলাপের প্রক্রিয়া চলছে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সংলাপ হওয়ার কথা।

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির মো. শফিকুর রহমান এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম দেশের বাইরে রয়েছেন। আগামী কয়েক দিনের মধ্যে দেশে ফিরতে পারেন তারা। তাদের ফেরার পর সংলাপ শুরু হবে। তবে সংলাপে কোন কোন রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হবে এবং আলোচনার সুনির্দিষ্ট বিষয়বস্তু এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছে সরকার ও বিএনপি-সংশ্লিষ্ট সূত্রগুলো।

জামায়াতে ইসলামী ও এনসিপির নেতাদের সূত্রে জানা যায়, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম রোববার (২২ নভেম্বর) সন্ধ্যায় লন্ডন থেকে ঢাকায় ফিরবেন। তিনি ১৩ নভেম্বর যুক্তরাজ্য সফরে যান। আর বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান গত শুক্রবার অস্ট্রেলিয়া সফরে গেছেন। সেখান থেকে তিনি মালয়েশিয়া যাবেন। আগামী ২৬ নভেম্বর তার দেশে ফেরার কথা রয়েছে।

তবে এর আগেই সংলাপ শুরু হতে পারে বলে জানা গেছে। 

সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্র জানায়, ক্ষমতাসীন দল বিএনপি ও প্রধানমন্ত্রীর কার্যালয় সংলাপ আয়োজনের কার্যক্রম ইতোমধ্যে শুরু করেছে। আগামীকাল এনসিপির সঙ্গে মতবিনিময়ের মধ্য দিয়ে শুরু হতে পারে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সংলাপ।

এ বিষয়ে গতকাল এনসিপির সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন বলেন, ‘এনসিপি প্রধানমন্ত্রীর ঐক্যের আহ্বানকে ইতিবাচকভাবে দেখছে। তবে সেই ঐক্যের যেন ধারাবাহিকতা থাকে, সেটি আমাদের চাওয়া। ফ্যাসিবাদের বিরুদ্ধে একটা ন্যাচারাল অ্যালায়েন্স দেশে আছে। এখন যে নতুন করে ঐক্যের কথা বলতে হচ্ছে, এর অর্থ সেই ঐক্যে কোথাও না কোথাও নিশ্চয়ই চিড় ধরেছে। সেটির কারণ অনুসন্ধান করতে হবে। আর ঐক্যের ভিত্তিমূলও থাকা জরুরি।’

বিএনপি-সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, সংসদের সমাপনী বক্তৃতায় ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোকে এক মঞ্চে আসার যে আহ্বান জানিয়েছিলেন প্রধানমন্ত্রী, এই সংলাপের উদ্যোগকে তারই ধারাবাহিকতা হিসেবে দেখা হচ্ছে। জুলাই গণ-অভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে সংলাপের এই উদ্যোগ নেওয়া হচ্ছে।