চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। রোববার (২২ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার মনাকষা ইউনিয়নের হাউসনগর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ওই গ্রামের বকুল হোসেনের স্ত্রী মিলি খাতুন (৪৫) এবং তাদের মেয়ে লিমা খাতুন (১৬)।
নিহতদের নিকটাত্মীয় আব্দুল বাসির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রোববার সকাল সাড়ে ৭টার দিকে বাড়ির সামনে নিজেদের দোকানের গেট খুলতে যান মিলি খাতুন। আগে থেকেই দোকানঘরটি বিদ্যুতায়িত হয়ে ছিল। এ সময় দোকানের নিরাপত্তার জন্য স্থাপন করা একটি লোহার রডে হাত দিলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।
মাকে বিদ্যুৎস্পৃষ্ট হতে দেখে তাকে বাঁচাতে এগিয়ে যায় নবম শ্রেণির শিক্ষার্থী মেয়ে লিমা খাতুন। এ সময় সেও বিদ্যুৎস্পৃষ্ট হয়। তাদের তৃতীয় মেয়ে লাবনী (৮) ঘটনাটি দেখে চিৎকার করলে স্থানীয়রা ছুটে এসে মা ও মেয়েকে উদ্ধার করেন। পরে তাদের শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সকাল ৮টার দিকে দুজনকেই মৃত ঘোষণা করেন।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিউর রহমান জানান, মা ও মেয়ের মরদেহ বর্তমানে হাসপাতালে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।