বাংলাদেশের ভারতনীতি শেখ হাসিনার কারণে জিম্মি হতে পারে না: কুগেলম্যান

শেখ হাসিনার কারণে বাংলাদেশের ভারতনীতি জিম্মি হতে দেওয়া উচিত নয় বলে মনে করেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়াবিষয়ক বিশ্লেষক মাইকেল কুগেলম্যান। তার মতে, বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক এক অর্থে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে জিম্মি হয়ে পড়েছে। তবে এ পরিস্থিতির জন্য শুধু শেখ হাসিনাকে দায়ী করা যায় না, এর পেছনে ভারত সরকারেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

ইংরেজি সংবাদমাধ্যম ডেইলি ওয়াদাকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন মাইকেল কুগেলম্যান। তিনি বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের সঙ্গে কাজ করার আগ্রহের ইঙ্গিত দিয়েছে ভারত। তবে শেখ হাসিনার ভারতে অবস্থান দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে ঢাকার জন্য জটিল পরিস্থিতি তৈরি করেছে। এ কারণে ভারতের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার বিষয়টি বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে স্পর্শকাতর হয়ে উঠেছে।

কুগেলম্যানের মতে, বাংলাদেশ-ভারত সম্পর্ক স্বাভাবিক ও কার্যকর করার ক্ষেত্রে কঠিন সিদ্ধান্তগুলো ভারতের তুলনায় বাংলাদেশকেই বেশি নিতে হবে।

এর আগে একই সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে সাবেক মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজিনা বলেছিলেন, শেখ হাসিনাকে বাংলাদেশের ভারতনীতি জিম্মি করার সুযোগ দেওয়া উচিত নয়। এ বিষয়ে কুগেলম্যানের মতামত জানতে চাইলে তিনি মজিনার বক্তব্যের সঙ্গে আংশিক একমত পোষণ করেন।

কুগেলম্যান বলেন, রাষ্ট্রদূত মজিনার বক্তব্য আমি যদি সঠিকভাবে বুঝে থাকি, তাহলে তার সঙ্গে কিছুটা একমত। শেখ হাসিনার কাছে বাংলাদেশ-ভারত সম্পর্ক এক অর্থে জিম্মি হয়ে পড়েছে।

তবে এই পরিস্থিতির জন্য কেবল শেখ হাসিনাকে দায়ী করতে নারাজ যুক্তরাষ্ট্রের এই বিশ্লেষক। তার মতে, শেখ হাসিনার পাশাপাশি ভারত সরকারেরও এখানে গুরুত্বপূর্ণ দায় রয়েছে। নয়াদিল্লি চাইলে শেখ হাসিনাকে ভারতে অবস্থানের সুযোগ দিয়েও তার রাজনৈতিক কর্মকাণ্ডের ওপর বিধিনিষেধ আরোপ করতে পারত। বিশেষ করে প্রকাশ্যে রাজনৈতিক বক্তব্য দেওয়ার ক্ষেত্রে সীমাবদ্ধতা আরোপের সুযোগ ভারতের ছিল বলে মনে করেন তিনি।

শেখ হাসিনা ও তার পরিবারের সঙ্গে সম্পর্কের বাইরে গিয়ে ভারতের বাংলাদেশের সঙ্গে বৃহত্তর পরিসরে সম্পর্ক গড়ে তোলা উচিত কি না, এমন প্রশ্নের জবাবে কুগেলম্যান বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে ভারতের প্রভাব নিয়ে দীর্ঘদিনের অসন্তোষের বিষয়টি তুলে ধরেন। এ প্রসঙ্গে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের সঙ্গে ভারতের সম্পর্কের বিষয়টিও আলোচনায় আসে।

কুগেলম্যান বলেন, বাংলাদেশে বহু বছর ধরেই একটি শক্তিশালী ধারণা রয়েছে যে ভারত দেশটির অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে। এমনকি দেশের অভ্যন্তরীণ ঘটনাপ্রবাহ নিজেদের মতো করে প্রভাবিত করার চেষ্টা করে, যা অস্বাস্থ্যকর এবং কোনো কোনো ক্ষেত্রে পুরোপুরি অনুচিত।

তবে ভারতের সঙ্গে গঠনমূলক সম্পর্ক গড়ে তোলার বিষয়ে বিএনপির আগ্রহ রয়েছে বলে উল্লেখ করেন কুগেলম্যান। তাঁর মতে, এই সম্পর্কের ভিত্তি হতে হবে পারস্পরিক সমতা ও সম্মান। বাংলাদেশকে কোনোভাবেই ছোট অংশীদার হিসেবে বিবেচনা করা যাবে না।

এ প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি ভারতের সঙ্গে ভালো সম্পর্ক চায়, তবে তা হতে হবে সমতার ভিত্তিতে। অর্থাৎ, বাংলাদেশকে ছোট অংশীদার হিসেবে বিবেচনা করা হলে সেই সম্পর্ক কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছাবে না।

সাক্ষাৎকারে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে আচরণ নিয়ে ভারতের সমালোচনার বিষয়টিও উঠে আসে। বাংলাদেশের সংখ্যালঘু পরিস্থিতি নিয়ে নয়াদিল্লির উদ্বেগের পাশাপাশি ভারতে মুসলমানদের সঙ্গে আচরণের বিষয়টিও বিবেচনায় নেওয়া উচিত কি না, ডেইলি ওয়াদার এমন প্রশ্নের জবাবে কুগেলম্যান বলেন, বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ভারতের অভিযোগ অতিরঞ্জিত। একই সঙ্গে ভারতে মুসলমানদের সঙ্গে কী ধরনের আচরণ করা হচ্ছে, সেটিও বিবেচনায় নেওয়া প্রয়োজন।

তার মতে, এ ধরনের অভিযোগ প্রকাশ্যে উত্থাপনের ক্ষেত্রে সংযম দেখালে দুই দেশের মধ্যে বিদ্যমান উত্তেজনা কমানো সম্ভব। এ জন্য নয়াদিল্লির প্রতি অভিযোগের মাত্রা কমানোর অথবা অন্তত প্রকাশ্যে এসব অভিযোগ উত্থাপন থেকে বিরত থাকার পরামর্শ দেন তিনি।

কুগেলম্যান বলেন, ভারতের জন্য খুব সহজ একটি পরিবর্তন হতে পারে এসব অভিযোগ কমিয়ে আনা কিংবা অন্তত প্রকাশ্যে সেগুলো না তোলা।

সাক্ষাৎকারে শেখ হাসিনার বাংলাদেশে ফেরার সম্ভাবনা নিয়েও নিজের মূল্যায়ন তুলে ধরেন এই বিশ্লেষক। তার ধারণা, বারবার দেশে ফেরার প্রতিশ্রুতি দিলেও বাস্তবে শেখ হাসিনার বাংলাদেশে ফেরার সম্ভাবনা নেই। বরং আওয়ামী লীগের সমর্থকদের ঘিরে চলমান অস্থিরতা বিএনপি সরকারের ওপর রাজনৈতিক চাপ বাড়াতে পারে, যা শেষ পর্যন্ত শেখ হাসিনার স্বার্থেই কাজে আসতে পারে।

আগামী বছর বাংলাদেশে অর্থনৈতিক সংকট, জ্বালানি খাতের চাপ এবং ‘হাসিনা ফ্যাক্টর’ মিলিয়ে দেশটি দক্ষিণ এশিয়ার অন্যতম অস্থিতিশীল রাষ্ট্রে পরিণত হতে পারে বলেও সতর্ক করেছেন কুগেলম্যান।

তবে এতসব চ্যালেঞ্জের মধ্যেও বাংলাদেশের সাম্প্রতিক নির্বাচন নিয়ে ইতিবাচক মূল্যায়ন করেছেন তিনি। তার মতে, ফেব্রুয়ারির নির্বাচন কয়েক বছরের মধ্যে বাংলাদেশে অনুষ্ঠিত প্রথম অবাধ ও সুষ্ঠু নির্বাচন। একই সঙ্গে ক্ষমতায় যে দলই থাকুক না কেন, বাংলাদেশের স্থিতিশীলতা বজায় থাকুক—এমন প্রত্যাশার কথাও জানিয়েছেন এই মার্কিন বিশ্লেষক।