কম বয়সেও হতে পারে স্ট্রোক, কয়েকটি লক্ষণ অবহেলা করলেই বিপদ

স্ট্রোক শুধু বয়স্কদের রোগ নয়। ১৫ থেকে ৪৯ বছর বয়সীদের মধ্যেও বাড়ছে এ রোগে আক্রান্ত হওয়ার ঘটনা। হঠাৎ শরীরের একপাশ দুর্বল হয়ে যাওয়া, হাত-পা অসাড় হওয়া, কথা জড়িয়ে যাওয়া কিংবা দৃষ্টিশক্তিতে সমস্যা দেখা দেওয়ার মতো লক্ষণকে সাধারণ অসুস্থতা ভেবে এড়িয়ে গেলে ঘটতে পারে বড় বিপদ। চিকিৎসকদের মতে, স্ট্রোকের ক্ষেত্রে দ্রুত চিকিৎসা শুরু করা অত্যন্ত জরুরি। কারণ প্রতিটি মুহূর্তে মস্তিষ্কের কোষ ক্ষতিগ্রস্ত হতে পারে।

ওয়ার্ল্ড স্ট্রোক অর্গানাইজেশনের গ্লোবাল স্ট্রোক ইনফরমেশন রিপোর্ট ২০২৫ অনুযায়ী, বিশ্বে নতুন করে স্ট্রোকে আক্রান্তদের প্রায় ১৫ শতাংশের বয়স ১৫ থেকে ৪৯ বছরের মধ্যে। এ ছাড়া ১৯৯০ থেকে ২০২১ সালের মধ্যে এই বয়সসীমার মানুষের মধ্যে স্ট্রোকে আক্রান্ত হওয়ার নতুন ঘটনা বেড়েছে প্রায় ৩৬ শতাংশ। অর্থাৎ ১৯৯০ সালে এ বয়সীদের মধ্যে ১০০টি নতুন আক্রান্তের ঘটনা থাকলে ২০২১ সালে তা বেড়ে ১৩৬টিতে দাঁড়িয়েছে। তবে এর অর্থ স্ট্রোকের ঝুঁকি ৩৬ শতাংশ বেড়েছে, এমন নয়।

স্ট্রোক মূলত দুই ধরনের। মস্তিষ্কে রক্ত সরবরাহকারী কোনো রক্তনালীতে রক্ত জমাট বেঁধে প্রবাহ বন্ধ হয়ে গেলে তাকে ইস্কেমিক স্ট্রোক বলা হয়। অন্যদিকে, রক্তনালী ফেটে মস্তিষ্কে রক্তক্ষরণ হলে সেটি হেমোরেজিক স্ট্রোক। উভয় ধরনের স্ট্রোকই গুরুতর শারীরিক জটিলতা তৈরি করতে পারে। এর ফলে দৃষ্টিশক্তি, স্মৃতিশক্তি, কথা বলা ও চলাফেরার ক্ষমতা ক্ষতিগ্রস্ত হতে পারে। কোনো কোনো ক্ষেত্রে স্থায়ী শারীরিক অক্ষমতাও দেখা দেয়।

স্ট্রোকের লক্ষণ চেনার ক্ষেত্রে ‘বি-ফাস্ট’ পদ্ধতির কথা বলেছেন চিকিৎসকরা। এর মধ্যে রয়েছে হঠাৎ ভারসাম্য হারানো (ব্যালান্স), এক বা দুই চোখে দৃষ্টিশক্তি কমে যাওয়া (আই), মুখের একপাশ বেঁকে যাওয়া (ফেস), শরীরের একপাশের হাত বা পা দুর্বল কিংবা অসাড় হয়ে পড়া (আর্ম) এবং কথা বলতে বা বুঝতে অসুবিধা হওয়া (স্পিচ)। এসব লক্ষণের কোনোটি দেখা দিলে সময় নষ্ট না করে জরুরি চিকিৎসা নিতে হবে।

লক্ষণ কয়েক মিনিটের মধ্যে সেরে গেলেও নিশ্চিন্ত হওয়ার সুযোগ নেই। চিকিৎসকদের পরামর্শ, এমন পরিস্থিতিতে দ্রুত হাসপাতালে গিয়ে পরীক্ষা করানো উচিত। কারণ উপসর্গ সাময়িকভাবে চলে গেলেও তা গুরুতর সমস্যার সংকেত হতে পারে।

স্ট্রোকের চিকিৎসায় প্রথম সাড়ে চার ঘণ্টাকে বিশেষ গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়। চিকিৎসক দর্শন দোশীর মতে, এ সময়ের মধ্যে প্রয়োজন অনুযায়ী রক্ত জমাট বাঁধা দূর করার ওষুধ দেওয়া সম্ভব হতে পারে। এতে মস্তিষ্কের ক্ষতি কমানো এবং রোগীর সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা বাড়তে পারে। তবে সাড়ে চার ঘণ্টা পেরিয়ে গেলেও চিকিৎসা নেওয়া জরুরি। স্ট্রোকের ধরন, উপসর্গ শুরুর সময় ও পরীক্ষার ফলের ওপর ভিত্তি করে পরবর্তী সময়েও কার্যকর চিকিৎসার সুযোগ থাকতে পারে।

মুম্বাইয়ের যশলোক হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টারের নিউরোলজিস্ট বিনয় ভান্ডারী জানিয়েছেন, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, উচ্চ কোলেস্টেরল, ধূমপান ও হৃদরোগ অল্প বয়সীদের স্ট্রোকের ঝুঁকি বাড়ায়। তবে শুধু জীবনযাত্রার কারণেই তরুণদের স্ট্রোক হয়, এমন ধারণা ঠিক নয়। মস্তিষ্কে রক্ত সরবরাহকারী রক্তনালীর ক্ষতি, হৃদযন্ত্রের কিছু সমস্যা, রক্ত জমাট বাঁধার জটিলতা এবং মস্তিষ্কের শিরায় রক্ত জমাট বাঁধাও এর কারণ হতে পারে। কিছু ক্ষেত্রে প্রদাহজনিত সমস্যা ও জিনগত কারণও দায়ী। নারীদের গর্ভাবস্থা ও সন্তান প্রসবের পর স্ট্রোকের ঝুঁকি বাড়তে পারে।

চিকিৎসকদের মতে, নিয়ন্ত্রণযোগ্য ঝুঁকির কারণগুলোর মধ্যে উচ্চ রক্তচাপ অন্যতম। অনেকের ক্ষেত্রে এর কোনো স্পষ্ট লক্ষণ থাকে না। ফলে সুস্থ বোধ করলেও শরীরে উচ্চ রক্তচাপ থাকতে পারে। দীর্ঘদিন তা নিয়ন্ত্রণে না থাকলে রক্তনালীর ক্ষতি হয়ে মস্তিষ্কে রক্তক্ষরণের আশঙ্কা তৈরি হয়। এ কারণে নিয়মিত রক্তচাপ মাপা এবং প্রয়োজন অনুযায়ী চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

ডায়াবেটিস ও স্থূলতাও স্ট্রোকের ঝুঁকি বাড়ায়। ডায়াবেটিস দীর্ঘদিন ধরে রক্তনালীর ক্ষতি করতে পারে। অন্যদিকে, বিশেষ করে পেটের চারপাশে অতিরিক্ত চর্বি জমলে ইনসুলিন প্রতিরোধ, উচ্চ রক্তচাপ ও বিপাকীয় নানা সমস্যা দেখা দিতে পারে। এসব সমস্যা অল্প বয়সেই শুরু হয়ে দীর্ঘদিন শনাক্ত না হওয়ার আশঙ্কা রয়েছে। তাই সুষম খাবার, নিয়মিত ব্যায়াম ও স্বাস্থ্যকর ওজন বজায় রাখার পাশাপাশি ডায়াবেটিস, রক্তচাপ ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখার ওপর গুরুত্ব দিয়েছেন চিকিৎসকরা।

জিনগত কিছু রোগও অল্প বয়সে স্ট্রোকের কারণ হতে পারে। এর মধ্যে সিকেল সেল ডিজিজ ও মোয়া মোয়া ডিজিজ উল্লেখযোগ্য। মোয়া মোয়া রোগে মস্তিষ্কে রক্ত সরবরাহকারী প্রধান রক্তনালীগুলো ধীরে ধীরে সরু হয়ে যায়। ফলে মস্তিষ্কে পর্যাপ্ত রক্ত পৌঁছাতে বাধা সৃষ্টি হতে পারে। তাই তরুণদের স্ট্রোকের ক্ষেত্রে এর অন্তর্নিহিত কারণ খুঁজে বের করা জরুরি।

ধূমপান রক্তনালীর ক্ষতি করে এবং রক্ত জমাট বাঁধার আশঙ্কা বাড়ায়। অতিরিক্ত অ্যালকোহল রক্তচাপ বাড়ানোর পাশাপাশি হৃদস্পন্দনে অনিয়ম তৈরি করতে পারে। কোকেন ও মেথামফেটামিনের মতো উত্তেজক মাদক হঠাৎ রক্তচাপ বাড়িয়ে দিতে পারে। ই-সিগারেট বা ভেপিংয়ের সঙ্গেও স্ট্রোকের সম্ভাব্য যোগসূত্র পাওয়া যাচ্ছে। তবে এর দীর্ঘমেয়াদি প্রভাব সম্পর্কে আরও গবেষণা প্রয়োজন বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

কর্মক্ষেত্রের চাপ, আর্থিক সংকট, পারিবারিক দায়িত্ব ও ঘুমের অভাবও পরোক্ষভাবে স্ট্রোকের ঝুঁকি বাড়াতে পারে। দীর্ঘস্থায়ী মানসিক চাপ রক্তচাপ, ঘুম, খাদ্যাভ্যাস ও শারীরিক কর্মকাণ্ডে নেতিবাচক প্রভাব ফেলে। পাশাপাশি দীর্ঘ সময় বসে কাজ করা ও শারীরিকভাবে নিষ্ক্রিয় থাকলে ওজন বাড়তে পারে। এর সঙ্গে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কোলেস্টেরলের সমস্যা যুক্ত হয়ে ঝুঁকি আরও বাড়ায়।

স্ট্রোক প্রতিরোধে নিয়মিত রক্তচাপ, ডায়াবেটিস ও কোলেস্টেরল পরীক্ষা, ধূমপান এড়িয়ে চলা, পর্যাপ্ত ঘুম, সুষম খাবার এবং শারীরিকভাবে সক্রিয় থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। তবে খাদ্যাভ্যাস বা ব্যায়ামে বড় পরিবর্তন আনার আগে এবং কোনো ওষুধ শুরু করার ক্ষেত্রে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি। চিকিৎসকের পরামর্শ ছাড়া নিজে নিজে ওষুধ সেবন বিপজ্জনক হতে পারে।

সূত্র: বিবিসি বাংলা