বেলুচিস্তানের চার এলাকা ‘সন্ত্রাসীমুক্ত’ ঘোষণা পাকিস্তানের, অভিযানে নিহত ১৫

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানের মাসটাং জেলায় যৌথ নিরাপত্তা বাহিনীর অভিযানে ১৫ জন বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছেন। ‘অপারেশন রাদ-উল-ফিৎনা’ নামের এই অভিযানে বেশ কয়েকটি আস্তানা ধ্বংস এবং বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের দাবি করেছে সংশ্লিষ্ট বাহিনী।

রোববার পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বেলুচিস্তানে মোতায়েন সেনা ও পুলিশ নিরাপত্তা বাহিনীর একাধিক সূত্রের বরাতে প্রতিবেদনটিতে বলা হয়, শনিবার সারা দিনে মাসটাং জেলার বিভিন্ন এলাকায় দু’দফা অভিযান চালানো হয়। প্রথম দফার অভিযানে ৫ জন এবং দ্বিতীয় দফার অভিযানে ১০ জন বিচ্ছিন্নতাবাদী নিহত হন।

দ্বিতীয় দফার অভিযান শেষে নিরাপত্তা বাহিনী মাসটাংয়ের কিল্লি পাসান্দ খান, মুসা খান, খোরাসানি ও কাফতারি এলাকাকে ‘সন্ত্রাসীমুক্ত’ ঘোষণা করেছে। বাহিনীর কর্মকর্তাদের ভাষ্য, পুরো বেলুচিস্তান থেকে বিচ্ছিন্নতাবাদী তৎপরতা নির্মূল করাই তাদের লক্ষ্য এবং শেষ বিচ্ছিন্নতাবাদী নিহত বা নিষ্ক্রিয় না হওয়া পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে।

আঞ্চলিক নিরাপত্তা বিশ্লেষকদের মতে, ২০২১ সালে আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পর থেকেই পাকিস্তানে বিশেষ করে খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান প্রদেশে সহিংসতা ও সশস্ত্র তৎপরতা উল্লেখযোগ্য হারে বেড়েছে।

পাকিস্তানি থিঙ্কট্যাংক সেন্টার ফর রিসার্চ অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের (সিআরএসএস) তথ্য অনুযায়ী, ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকে দেশে সহিংসতার প্রধান কেন্দ্র ছিল এই দুই প্রদেশ, যার মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে খাইবার পাখতুনখোয়া। ওই প্রান্তিকে সহিংস ঘটনায় মোট প্রাণহানির প্রায় ৯৬ শতাংশই ঘটেছে খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানে। এর মধ্যে ৬১ শতাংশের বেশি (৪৭৫ জন) প্রাণহানি ঘটেছে খাইবার পাখতুনখোয়ায় এবং ৩৪ শতাংশ (২৬৫ জন) ঘটেছে বেলুচিস্তানে।

সংস্থাটির পরিসংখ্যানে আরও দেখা যায়, ওই সময়ে সারা দেশে রেকর্ড হওয়া মোট সহিংস ঘটনার ৫৭ শতাংশই (১৫১টি) ঘটেছে খাইবার পাখতুনখোয়ায়। আর ৩৫ শতাংশ (৯৪টি) ঘটনা ঘটেছে বেলুচিস্তানে।

তথ্যসূত্র: জিও নিউজ