ভারতের কোনো নাগরিককে বিয়ে করলেই দেশটিতে বসবাসের নিঃশর্ত অধিকার বা স্বয়ংক্রিয়ভাবে নির্দিষ্ট কোনো ভিসা পাওয়া যাবে না বলে পর্যবেক্ষণ দিয়েছেন দিল্লি হাইকোর্ট। এই পর্যবেক্ষণের ভিত্তিতে নিজের ট্যুরিস্ট ভিসা ‘স্পাউস ভিসায়’ রূপান্তরের আবেদন করা এক মার্কিন নারীর রিট খারিজ করে দিয়েছেন আদালত।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়েছে, বিচারপতি অমিত মহাজন বলেন, কোনো বিদেশির ভারতে প্রবেশ বা বসবাসের বিষয়টি রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতা ও বিবেচনার বিষয়; এটি কারও প্রয়োগযোগ্য অধিকার নয়।
২০২৫ সালের ‘ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট’ অনুযায়ী ভিসা প্রদান ও পরিবর্তনের চূড়ান্ত এখতিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের।
আদালতে ওই নারী অভিযোগ করেন, ভারতীয় নাগরিককে বিয়ে করার পর প্রয়োজনীয় নথি জমা দিলেও বয়সের পার্থক্যের কারণে তাকে হয়রানি করা হচ্ছে এবং ভিসা রূপান্তর করা হচ্ছে না।
জবাবে সরকারি কর্তৃপক্ষ জানায়, এটি ওই নারীর তৃতীয় বিয়ে। এর আগে তিনি এক ওসিআই কার্ডধারীকে বিয়ে করে ওসিআই মর্যাদা পেলেও বিচ্ছেদের পর তা বাতিল হয়। ২০২২ সালে দ্বিতীয় বিয়ের পরও ভিসা পরিবর্তনের চেষ্টা করে ব্যর্থ হন তিনি। ভারতে দীর্ঘ অবস্থান, আয়ের উৎস ও অতীত অভিবাসন ইতিহাস পর্যালোচনা করে কর্তৃপক্ষের ধারণা হয়েছে, অভিবাসন-সুবিধা নিতেই এই বিয়ে করা হয়ে থাকতে পারে।
সব দিক বিবেচনায় আদালত নারীর আবেদনটি খারিজ করলেও তার বর্তমান বিয়ের বৈধতা বা সত্যতা নিয়ে কোনো মন্তব্য করেননি।