শ্রমিকদের বেতন বাড়লেও বাড়িভাড়া বাড়ানো যাবে না: মীর শাহে আলম

পোশাকশ্রমিকদের বেতন বৃদ্ধির সঙ্গে সঙ্গে শ্রমিক অধ্যুষিত এলাকায় বাড়িভাড়া না বাড়ানোর বিষয়ে বাড়ির মালিকদের সতর্ক করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেছেন, কোনো বাড়ির মালিক এ নির্দেশনা অমান্য করে ভাড়া বাড়ালে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। শ্রমিকদের বেতন বৃদ্ধির বিষয়টি বিবেচনায় নিয়ে সরকার এ উদ্যোগ নিয়েছে। শ্রমিকদের বেতন অবশ্যই বাড়ানো হবে।

রোববার (২২ নভেম্বর) বিকেলে সাভারে চলমান শ্রমিক অসন্তোষ নিরসনে গার্মেন্টস শ্রমিক ও নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, পাঁচ বছর পরপর মজুরি কাঠামো নির্ধারণের নিয়ম থাকলেও অন্তর্বর্তী সরকারের দেখানো পথে বর্তমান সরকার তিন বছরের জন্য মজুরি বোর্ড গঠন করেছে। শ্রমিকদের মজুরি বাড়াতে সরকার কাজ করছে। মালিকপক্ষ ও শ্রমিকদের মধ্যে বেতন বৃদ্ধির বিষয়ে সমঝোতার প্রক্রিয়া চলছে। এ অবস্থায় বাড়ির মালিকদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। শ্রমিকদের বেতন বাড়ানোর সুযোগ নিয়ে কেউ যেন বাড়িভাড়া বৃদ্ধি না করেন।

তিনি আরও বলেন, শ্রমিক অধ্যুষিত কোনো এলাকায় বাড়ির মালিকেরা ভাড়া বাড়ালে শ্রমিকেরা যেন প্রশাসনকে বিষয়টি জানান। প্রশাসনের মাধ্যমে সংশ্লিষ্ট বাড়ির মালিকদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ নির্দেশনা পোশাকশ্রমিক অধ্যুষিত সব এলাকার জন্য প্রযোজ্য হবে।

সম্প্রতি গোপালগঞ্জে থানা ও প্রশাসনিক বিভিন্ন স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার প্রসঙ্গ টেনে প্রতিমন্ত্রী বলেন, দেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এ সরকার গুমের রাজনীতি করে না। ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করা হচ্ছে। তবে পলাতক নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের প্ররোচনায় কেউ শ্রমিকদের উসকানি দিয়ে আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করলে তাদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, শ্রমিকদের ন্যায্য দাবির বিষয়ে সরকার আন্তরিক। তবে আন্দোলনের নামে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির কোনো সুযোগ দেওয়া হবে না। গোপালগঞ্জসহ বিভিন্ন স্থানে নাশকতার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

মতবিনিময় সভায় স্থানীয় সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু, ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।