চাঁদপুরের হাজীগঞ্জে বসতঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডে মো. আনাছ হোসেন (২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় মরিয়ম আক্তার নামে অপর এক শিশু গুরুতর দগ্ধ হয়েছে। তার শরীরের অধিকাংশ অংশ পুড়ে যাওয়ায় আশঙ্কাজনক অবস্থায় তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
রোববার (২২ নভেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার ৬ নম্বর বড়কুল পূর্ব ইউনিয়নের আতিক মেম্বার বাড়িতে এ আগুন লাগার ঘটনা ঘটে। নিহত আনাছ ও আহত মরিয়ম ওই বাড়ির মো. নাজির আহম্মেদের সন্তান।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকায় পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া-ঝাটি হচ্ছিল। শোরগোলের শব্দ শুনে জেসমিন বেগম ঘরের দরজা বন্ধ করে বাড়ির সামনের রাস্তায় যান। এর কিছুক্ষণ পরই তার বসতঘরে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পাশের ঘরেও ছড়িয়ে পড়ে। এ সময় ঘরের ভেতরে ঘুমিয়ে ছিল দুই শিশু। আগুনের ভয়াবহতা দেখে স্থানীয়রা ছুটে এলেও আগুনের তীব্রতার কারণে ঘরের ভেতরে প্রবেশ করতে পারেননি।
খবর পেয়ে হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে ঘরের ভেতর থেকে দুই শিশুকে উদ্ধার করা হয়। তবে ততক্ষণে আনাছ আগুনে পুড়ে মারা যায়। অপর শিশু মরিয়মকে টিনের নিচ থেকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়।
অগ্নিকাণ্ডে মো. মিজানুর রহমানের দুই ছেলে নাজির আহম্মেদ ও নেছার আহম্মেদের দুটি বসতঘর সম্পূর্ণ পুড়ে ভস্মীভূত হয়েছে। ঘরে থাকা টেলিভিশন, ফ্রিজ, আসবাবপত্র, তৈজসপত্র, নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা। আগুনে সবকিছু হারিয়ে পরিবার দুটি এখন নিঃস্ব। পরনের কাপড় ছাড়া তাদের আর কিছুই অবশিষ্ট নেই।
প্রত্যক্ষদর্শী শামছুল আলম টুটুল বলেন, আগুনের ভয়াবহতা এবং ঘরের দরজা বন্ধ থাকায় কেউ ভেতরে প্রবেশ করতে পারেননি। এ কারণে শিশু দুটিকে সময়মতো উদ্ধার করা সম্ভব হয়নি। তিনি ক্ষতিগ্রস্ত পরিবার দুটির পাশে দাঁড়াতে সরকারি সহায়তার দাবি জানানG
হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার খাঁন খলিলুর রহমান বলেন, স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। ঘরে বিদ্যুতের সংযোগ ও গ্যাস সিলিন্ডার ছিল। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানতে বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো যাবে।
হাজীগঞ্জ থানার ওসি মো. কাওসার আলম ভূঁইয়া বলেন, অগ্নিকাণ্ডে দুটি বসতঘর পুড়ে গেছে এবং এক শিশুর মৃত্যু হয়েছে। অন্য এক শিশু আহত হয়েছে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনে জায়েদ হোসেন বলেন, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং বিষয়টি সংসদ সদস্য ও জেলা প্রশাসককে অবহিত করেছেন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহযোগিতা করা হবে বলেও তিনি জানান।
এদিকে একই পরিবারের দুটি বসতঘর পুড়ে যাওয়া, এক শিশুর মর্মান্তিক মৃত্যু এবং অপর শিশুর জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকার ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে বাড়ির পরিবেশ।