পরীক্ষাগারে নমুনা পরীক্ষা না করেই ভেজাল আখ্যা দিয়ে একটি কারখানার প্রায় এক কোটি টাকা মূল্যের কাঁচামাল ধ্বংসের অভিযোগ উঠেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জামালপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শরীফুল ইসলামের বিরুদ্ধে। এ ঘটনায় গ্রিন বায়োটেকনোলজি নামে ওই প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানাও করা হয়েছে।
এ ছাড়া ভয়ভীতি দেখিয়ে প্রতিষ্ঠানের প্রতিনিধির কাছ থেকে ফাঁকা ফরমে স্বাক্ষর নেওয়া এবং অভিযান নিয়ে গণমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগও তুলেছে প্রতিষ্ঠানটি।
ঘটনার নিরপেক্ষ তদন্ত, সহকারী পরিচালক শরীফুল ইসলামের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ, জরিমানার অর্থ ফেরত ও ক্ষতিপূরণ চেয়ে রোববার (২২ নভেম্বর) সকালে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের কাছে লিখিত অভিযোগ দিয়েছে গ্রিন বায়োটেকনোলজি কর্তৃপক্ষ।
লিখিত অভিযোগে বলা হয়, গত বুধবার দুপুরে জামালপুরের মেলান্দহ উপজেলার সুন্সি নাংলা এলাকায় প্রতিষ্ঠানটির কারখানা পরিদর্শনে যান সহকারী পরিচালক শরীফুল ইসলাম। এ সময় কারখানার কর্মকর্তারা তাকে স্বাগত জানান এবং উৎপাদন কার্যক্রম ও সংরক্ষণাগার পরিদর্শনে সহযোগিতা করেন। একপর্যায়ে কারখানায় সংরক্ষিত কিছু কাঁচামাল তার নজরে আসে।
প্রতিষ্ঠানটির দাবি, কাঁচামালগুলো তাদের নিজস্ব মান নিয়ন্ত্রণ পরীক্ষাগারে পুনঃপরীক্ষার আওতায় ছিল। প্রতিটি পাত্রে ‘পুনঃপরীক্ষিত’ লেবেল লাগানো ছিল এবং সেগুলোর মেয়াদও ছিল। কিন্তু কোনো ধরনের নমুনা পরীক্ষা বা প্রমাণ ছাড়াই কাঁচামালগুলোকে ‘ভেজাল’ ঘোষণা করে ধ্বংস করা হয়। একই সঙ্গে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪১ ধারায় প্রতিষ্ঠানটিকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।
গ্রিন বায়োটেকনোলজির ইনচার্জ মো. নজরুল ইসলাম বলেন, ‘কাঁচামালগুলো সরকারি বা অন্য কোনো পরীক্ষাগারে পরীক্ষা করে আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হলেও সহকারী পরিচালক সেই সুযোগ দেননি।’
তিনি আরও বলেন, ‘আইনগত প্রক্রিয়া না মেনে তাৎক্ষণিকভাবে দুই লাখ টাকা জরিমানা পরিশোধে বাধ্য করা হয়। জরিমানার সুনির্দিষ্ট আইনগত ভিত্তি বা লিখিত পূর্ণাঙ্গ আদেশও দেওয়া হয়নি।’
নজরুল ইসলাম জানান, এ ঘটনায় তারা আদালতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
তিনি অভিযোগ করেন, ‘অভিযানের সময় তাকে একটি ফাঁকা ও অসম্পূর্ণ ফরমে স্বাক্ষর করতে বলা হয়। কারখানা সিলগালা, গ্রেপ্তার ও এক বছরের কারাদণ্ডের হুমকি দেওয়ায় তিনি স্বাক্ষর করতে বাধ্য হন।’
অভিযানে ওই কর্মকর্তার আচরণ ‘মাস্তানদের মতো ও উদ্দেশ্যপ্রণোদিত’ ছিল বলেও মন্তব্য করেন তিনি।
গ্রিন বায়োটেকনোলজি কর্তৃপক্ষের দাবি, তাদের প্রতিটি পণ্যের বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) বৈধ লাইসেন্স রয়েছে। নির্ধারিত মানদণ্ড অনুযায়ী পরীক্ষাগারে পণ্যগুলোর মান যাচাই করা হয়। এ ছাড়া অধিকাংশ পণ্য বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) মাধ্যমে ‘ডার্মাটোলজিক্যালি টেস্টেড’ এবং নিরাপদ হিসেবে পরীক্ষিত।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন সহকারী পরিচালক মো. শরীফুল ইসলাম। এ বিষয়ে তিনি বলেন, কারখানায় গিয়ে কাঁচামালগুলো মেয়াদোত্তীর্ণ অবস্থায় পেয়েছেন। মেয়াদোত্তীর্ণ কাঁচামাল ব্যবহারের সুযোগ না থাকায় সেগুলোর নমুনা পরীক্ষা করা হয়নি।
তিনি বলেন, ‘আমি কোনো জব্দ তালিকাও করিনি। তবে কাঁচামালগুলো ধ্বংস করেছি। আমি কোনো ফাঁকা ফরমে স্বাক্ষর আদায় করিনি। কাউকে গ্রেপ্তারের হুমকিও দিইনি।’