ফিলিস্তিনিদের ওপর হামলা ‘ইহুদি সন্ত্রাসবাদ’: আইজেনকট

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলাকে ‘ইহুদি সন্ত্রাসবাদ’ বলে আখ্যা দিয়েছেন ইসরায়েলের সাবেক সেনাপ্রধান ও ইয়াশার পার্টির প্রধান গাদি আইজেনকট। একই সঙ্গে এসব হামলার জন্য প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের নীতির সমালোচনা করেছেন তিনি। হামলাকারীদের থামাতে কঠোর ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানিয়েছেন আইজেনকট।

রোববার (২২ নভেম্বর) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সম্প্রতি পশ্চিম তীরের বিভিন্ন ফিলিস্তিনি গ্রামে হামলা চালিয়ে গাড়ি ও বাড়িঘরে আগুন ধরিয়ে দেন ইসরায়েলি বসতি স্থাপনকারীরা। এসব ঘটনার পর নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের কয়েকজন সদস্য।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আইজেনকট বলেন, বসতি স্থাপনকারীদের এসব হামলা সব অর্থেই ‘ইহুদি সন্ত্রাসবাদ’। পশ্চিম তীরে জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির ও অর্থমন্ত্রী বেজালেল স্মোত্রিচের নেতৃত্বে নেওয়া পদক্ষেপ অঞ্চলটিকে নিয়ন্ত্রণহীন বিশৃঙ্খলার দিকে ঠেলে দিয়েছে।

হামলাকারীদের থামাতে প্রশাসনিক আটক এবং গোয়েন্দা সংস্থা শিন বেতের বিশেষ অভিযানসহ সব ধরনের ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি। একই সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

ইসরায়েলের বিরোধী নেতা ইয়ার লাপিদও এসব সহিংসতার জন্য নেতানিয়াহু সরকারকে দায়ী করেছেন। তার অভিযোগ, সরকারের অপরাধমূলক অবহেলার কারণেই ইহুদি সন্ত্রাসবাদের বিস্তার ঘটছে।

এক্সে দেওয়া পোস্টে তিনি বলেন, সরকারের মন্ত্রীরা নীরব থেকে বসতি স্থাপনকারীদের সহিংসতাকে উৎসাহিত করছেন।

লাপিদ আরও বলেন, তারা সরকার গঠন করতে পারলে এ ধরনের সন্ত্রাসবাদ মোকাবিলা করবেন। একই সঙ্গে রাষ্ট্রীয় কর্তৃত্ব, আইনের শাসন ও জনশৃঙ্খলা ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দেন তিনি।

২০২২ সালের শেষ দিক থেকে ইসরায়েলে ডানপন্থী জোট সরকার পরিচালনা করছেন নেতানিয়াহু। দেশটির ইতিহাসে এটিকে সবচেয়ে ডানপন্থী সরকার হিসেবে বর্ণনা করা হয়ে থাকে।

গত ৮ নভেম্বর ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ নতুন সরকার গঠনের দায়িত্ব দেন আইজেনকোটকে। এ জন্য তাঁকে ২৮ দিন সময় দেওয়া হয়েছে। প্রয়োজনে আরও ১৪ দিন সময় বাড়ানোর সুযোগ রয়েছে। তিনি ব্যর্থ হলে পার্লামেন্টের অন্য কোনো সদস্যকে সরকার গঠনের দায়িত্ব দেওয়া হবে।

ইসরায়েলের ডেমোক্র্যাটস পার্টির নেতা ইয়ার গোলান পশ্চিম তীরে নতুন করে তৃতীয় ইন্তিফাদা বা ফিলিস্তিনি গণঅভ্যুত্থান শুরু হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন। তার ভাষায়, অঞ্চলটি বড় ধরনের বিস্ফোরণের দ্বারপ্রান্তে রয়েছে।

১৯৮৭ ও ২০০০ সালে ফিলিস্তিনিদের প্রথম ও দ্বিতীয় ইন্তিফাদা সংঘটিত হয়েছিল।

গোলান বলেন, তৃতীয় ইন্তিফাদা ঠেকাতে হলে বর্তমান সরকারের পরিবর্তন প্রয়োজন। কারণ, এই সরকার ইহুদি সন্ত্রাসবাদকে প্রশ্রয় দিচ্ছে এবং নিরাপত্তার বিষয়টি উপেক্ষা করছে।

তিনি আরও বলেন, এ ধরনের সহিংসতা নিরীহ ফিলিস্তিনি ও ইসরায়েলি সেনাদের ক্ষতির মুখে ফেলছে। একই সঙ্গে আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েলকে নজিরবিহীন বিচ্ছিন্নতার দিকে ঠেলে দিচ্ছে।

অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ও নেসেট সদস্য নোয়াম তিবনও একই ধরনের সতর্কবার্তা দিয়েছেন। তাঁর মতে, পশ্চিম তীরে ইহুদি সন্ত্রাসবাদ বন্ধ করতে না পারলে তা শেষ পর্যন্ত ইসরায়েলের অস্তিত্বের জন্য হুমকি হয়ে উঠবে।

তিনি বলেন, সাম্প্রতিক মাসগুলোতে আরোপিত নিষেধাজ্ঞা কেবল শুরু। এ ধরনের সহিংসতা বন্ধ না হলে ইসরায়েলি ব্যাংকগুলোর ওপরও কঠোর নিষেধাজ্ঞা আসতে পারে।

এর আগে গত বুধবার ফিলিস্তিনিদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন এবং অবৈধ বসতি সম্প্রসারণে জড়িত থাকার অভিযোগে তিন ব্যক্তি ও চারটি ইসরায়েলি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দেয় অস্ট্রেলিয়া। এর এক দিন আগে পশ্চিম তীরে অবৈধ বসতি নির্মাণে জড়িত আটটি ইসরায়েলি নির্মাণ প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাজ্য। ১৯৬৭ সাল থেকে পশ্চিম তীরকে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড হিসেবে বিবেচনা করে আসছে জাতিসংঘ।

ইসরায়েলের সংবাদমাধ্যম হারেৎজের তথ্য অনুযায়ী, শনিবার সন্ধ্যায় পশ্চিম তীরের পাঁচটি স্থানে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে। মধ্য পশ্চিম তীরের দেইর আল-সুদান, কাফর মালিক ও দেইর আবু মাশাল, দক্ষিণের আল-তুওয়ানি এবং উত্তরের দেইর বালুত এলাকায় এসব হামলা চালানো হয়।

ঘটনাগুলোর তদন্ত শুরু করার কথা জানিয়েছে ইসরায়েলি পুলিশ। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

প্রতিবেদন অনুযায়ী, অধিকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ১৫৬টি অবৈধ বসতি এবং ৩৬০টি বসতি স্থাপনকারীদের ফাঁড়িতে প্রায় ৭ লাখ ৫০ হাজার ইসরায়েলি বসবাস করেন।

ফিলিস্তিনের উপনিবেশায়ন ও দেয়াল প্রতিরোধ কমিশনের তথ্য বলছে, গত অক্টোবর মাসে ইসরায়েলি সেনাবাহিনী ও বসতি স্থাপনকারীরা পশ্চিম তীরে মোট ৩ হাজার ১৩৩টি হামলা চালিয়েছে। এর মধ্যে ১ হাজার ৭৬৪টি হামলার জন্য সেনাবাহিনী এবং ১ হাজার ৩৬৯টির জন্য বসতি স্থাপনকারীদের দায়ী করা হয়েছে।

২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরায়েলের সামরিক অভিযান শুরুর পর থেকে পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি সেনাবাহিনী ও বসতি স্থাপনকারীদের হামলা এবং তাঁদের সম্পত্তি ধ্বংসের ঘটনা বেড়েছে।

এদিকে দুর্নীতির অভিযোগে নেতানিয়াহুর বিচার চলছে। দোষী সাব্যস্ত হলে তার কারাদণ্ড হতে পারে। এ ছাড়া গাজা যুদ্ধের ঘটনায় যুদ্ধাপরাধের অভিযোগে ২০২৪ সাল থেকে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানার মুখে রয়েছেন তিনি।