পোশাক শ্রমিক আন্দোলন

১৮ দিনে পোশাক খাতে ৪২৮ মিলিয়ন ডলারের ক্ষতি: বিজিএমইএ

শ্রমিক আন্দোলনের কারণে দেশের তৈরি পোশাক খাতে ১৮ দিনে ৪২৮ মিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে। গত ১ নভেম্বর থেকে শুরু হওয়া এ আন্দোলনে ৩১৭টি পোশাক কারখানা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।

এ ছাড়া দেশের পোশাক খাতের অস্থিতিশীল পরিস্থিতি নিয়ে উদ্বেগের কারণে আন্তর্জাতিক খুচরা বিক্রেতা, ব্র্যান্ড ও ক্রেতারা ২৫৪ মিলিয়ন ডলারের ক্রয়াদেশ অন্য দেশে সরিয়ে নিয়েছেন।

রোববার (২২ নভেম্বর) এক বিবৃতিতে বিজিএমইএ জানায়, ৩১৭টি কারখানার ওপর চালানো জরিপে দেখা গেছে, নভেম্বরের উদ্ভূত পরিস্থিতিতে এসব কারখানা সর্বোচ্চ ১৬ দিন পর্যন্ত উৎপাদন বন্ধ রাখতে বাধ্য হয়েছে।

সংগঠনটি জানায়, আন্দোলনের কারণে ক্রেতাদের আস্থায় নেতিবাচক প্রভাব পড়েছে। এর ফলে নিশ্চিত হওয়া ৫ কোটি ৯০ লাখ পিস পোশাকের ক্রয়াদেশ অন্য দেশে চলে গেছে।

বিজিএমইএর মতে, প্রকৃত ক্ষতির পরিমাণ জরিপে উঠে আসা হিসাবের চেয়ে বেশি হতে পারে। কারণ, ক্ষতিগ্রস্ত ৬০০টির বেশি কারখানার মধ্যে মাত্র ৩১৭টির তথ্য জরিপে অন্তর্ভুক্ত করা হয়েছে। তা ছাড়া জরিপের সময়কাল ছিল মাত্র ১৮ দিন।

বিবৃতিতে সংগঠনটি আরও জানায়, উৎপাদন ও রপ্তানিতে প্রত্যক্ষ ক্ষতির পাশাপাশি দেশের পোশাকশিল্পের আন্তর্জাতিক ভাবমূর্তিও ক্ষতিগ্রস্ত হচ্ছে। অস্থিরতার প্রভাব এখনো অব্যাহত থাকায় সামগ্রিক ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিরূপণ করা সম্ভব হচ্ছে না। তবে বাংলাদেশ থেকে অন্য দেশে ক্রয়াদেশ সরিয়ে নেওয়ার মধ্য দিয়ে এর প্রভাব ইতোমধ্যে স্পষ্ট হয়ে উঠেছে।