যৌতুকের গাড়ি পছন্দ না হওয়ায় ভারতে বিয়ে ভাঙলেন পুলিশ সদস্য, অপেক্ষায় কনে

ভারতের হরিয়ানার সোনিপতে বিয়ের আসরে পছন্দের গাড়ি না পেয়ে বিয়ে করতে অস্বীকৃতি জানিয়েছেন দিল্লি পুলিশের এক সদস্য। কনের পরিবারের অভিযোগ, বিয়েতে উপহার হিসেবে প্রায় সাড়ে ৯ লাখ রুপির হুন্দাই অরা গাড়ি ঠিক করা হলেও বিয়ের আগমুহূর্তে প্রায় ১৩ লাখ রুপির মারুতি ব্রেজা দাবি করেন বর। শেষ পর্যন্ত সেই গাড়ি না পেয়ে বিয়ের অনুষ্ঠান ছেড়ে চলে যান তিনি। এদিকে বিয়ের সাজে মণ্ডপে বসে অপেক্ষা করতে থাকেন কনে।

রোববার (২২ নভেম্বর) এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, গত ২০ নভেম্বর সোনিপতের মামচাঁদ ভাটিকায় এ ঘটনা ঘটে। দিল্লি পুলিশের সদস্য কুলদীপের সঙ্গে প্রায় ছয় মাস আগে হিনার বিয়ের দিনক্ষণ ঠিক হয়েছিল। কনের বাবা সুভাষ কুমারের অভিযোগ, বিয়ের আয়োজন চূড়ান্ত হওয়ার পর থেকেই বরপক্ষের পক্ষ থেকে গাড়ি ও স্বর্ণালংকারসহ বিভিন্ন উপহার দাবি করা হচ্ছিল।

সুভাষ কুমারের দাবি, বরের জন্য প্রায় ৯ লাখ ৫০ হাজার রুপি দামের হুন্দাই অরা গাড়ি বুকিং দিয়েছিলেন তিনি। কিন্তু বিয়ের ঠিক এক দিন আগে মধ্যস্থতাকারীদের মাধ্যমে জানতে পারেন, ওই গাড়িতে সন্তুষ্ট নন কুলদীপ। তার পছন্দ মারুতি ব্রেজা, যার দাম প্রায় ১৩ লাখ রুপি। এরপর আগের গাড়ির বুকিং বাতিল করে নতুন গাড়ির ব্যবস্থা করার চেষ্টা করেন কনের বাবা। তবে অল্প সময়ের মধ্যে সেটি জোগাড় করা সম্ভব হয়নি।

গাড়ির পাশাপাশি স্বর্ণালংকার নিয়েও বরপক্ষের দাবির কথা জানিয়েছেন কনের বাবা। তার অভিযোগ, বরের জন্য দুই ভরি স্বর্ণের চেইন, বরের মায়ের জন্য চার ভরি ওজনের কানের দুল এবং পরিবারের অন্য সদস্যদের জন্যও গয়না চাওয়া হয়েছিল। এসব গয়না তৈরির অর্ডারও দিয়েছিল কনেপক্ষ। এ ছাড়া প্রায় ১ লাখ ৩২ হাজার রুপি খরচ করে আসবাবপত্রসহ বিভিন্ন গৃহস্থালি সামগ্রীর ব্যবস্থা করা হয়েছিল।

বিয়ের দিন প্রায় ১ হাজার ২০০ অতিথির খাবারের আয়োজন করা হয়েছিল। কিন্তু অভিযোগ অনুযায়ী, বর কুলদীপ প্রচলিত বিয়ের সাজে বরযাত্রী নিয়ে না এসে মায়ের সঙ্গে সাধারণ পোশাকে অনুষ্ঠানস্থলে হাজির হন। সেখানে গিয়ে ব্রেজা গাড়ি না দেখে কনেপক্ষের সঙ্গে তার কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে কনের স্বজনদের সঙ্গে দুর্ব্যবহার করে বিয়ে না করেই অনুষ্ঠানস্থল ত্যাগ করেন তিনি।

এ সময় বিয়ের পোশাকে মণ্ডপে বসে বরের অপেক্ষায় ছিলেন হিনা। কনের বাবা জানান, বিয়ের আয়োজন ও উপহারসামগ্রী মিলিয়ে তাদের প্রায় ২৫ থেকে ৩০ লাখ রুপি খরচ হয়েছে। শেষ পর্যন্ত বিয়ে না হওয়ায় আর্থিক ক্ষতির পাশাপাশি সামাজিকভাবে বিব্রতকর পরিস্থিতিতেও পড়তে হয়েছে তাদের।

ঘটনার পর কনের বাবা সুভাষ কুমার বর ও তার পরিবারের বিরুদ্ধে পুলিশের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করছে পুলিশ। অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে কনেপক্ষ।

সূত্র: এনডিটিভি