বাকেরগঞ্জে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী অধ্যক্ষ ইউনুস খানের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত

বরিশালের বাকেরগঞ্জে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-সভাপতি এবং বরিশাল জেলা বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যক্ষ মো. ইউনুস খানের ৩২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২২ নভেম্বর) দিনব্যাপী বাকেরগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে মরহুমের কবর জিয়ারত, আলোচনা সভা, মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।

এর আগে বেলা ১১টায় বরিশাল-৬ বাকেরগঞ্জ ১২৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খানের নেতৃত্বে উপজেলা বিএনপির একটি প্রতিনিধিদল বরিশাল ইসলামিয়া কলেজ প্রাঙ্গণে অবস্থিত অধ্যক্ষ ইউনুস খানের কবর জিয়ারত ও ফাতেহা পাঠ করে তার রুহের মাগফিরাত কামনা করেন।

পরে সন্ধ্যায় বাকেরগঞ্জ উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আবুল হোসেন খান।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্যসচিব কামরুজ্জামান মিজান মিয়া, পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দীন জমাদ্দার, সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার (শাহীন), উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব নাসির উদ্দীন হাওলাদারসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

আলোচনা সভায় সংসদ সদস্য আবুল হোসেন খান প্রয়াত সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী মরহুম অধ্যক্ষ মো. ইউনুস খানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও কর্মের ওপর আলোকপাত করেন। আলোচনা শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।

উল্লেখ্য, বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের সাবেক এই সংসদ সদস্য, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও বরিশাল ইসলামিয়া কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মো. ইউনুস খান ১৯৯৪ সালের ২২ নভেম্বর মৃত্যুবরণ করেন।