ভারতের দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা বলেছেন, তাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা বা ট্রলিং তিনি মেনে নিতে পারেন। তবে তার পরিবারকে আক্রমণ করা হলে তা কোনোভাবেই সহ্য করবেন না। পরিবারের সদস্যদের নিয়ে কটূক্তি করা হলে ‘যোদ্ধার রূপে’ জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন এই অভিনেত্রী।
সম্প্রতি স্বামী ও অভিনেতা বিজয় দেবরকোন্ডার সঙ্গে করণ জোহরের উপস্থাপনায় ‘কফি উইথ করণ’ অনুষ্ঠানের নবম মৌসুমের দ্বিতীয় পর্বে হাজির হয়েছিলেন রাশমিকা। তাদের এই উপস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়। বিশেষ করে, বিজয়কে এক বছর ধরে প্রতিদিন বিয়ের প্রস্তাব দেওয়ার বিষয়ে রাশমিকার মন্তব্য ঘিরে ট্রলিংয়ের শিকার হন এই অভিনেত্রী।
এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো ভুয়া তথ্য, সম্পাদিত স্ক্রিনশট, পরিচয় নকল এবং সমন্বিত অনলাইন হয়রানির অভিযোগে পুলিশের কাছে আনুষ্ঠানিক অভিযোগও করেছেন এই তারকা দম্পতি।
সম্প্রতি ‘প্রেমা-দ্য জার্নালিস্ট’কে দেওয়া এক সাক্ষাৎকারে এ বিষয়ে কথা বলেন রাশমিকা। অনলাইন ট্রলিং কীভাবে সামলান, এমন প্রশ্নের জবাবে তিনি জানান, আগে নেতিবাচক মন্তব্যের প্রতিক্রিয়া জানালেও এখন আর সেদিকে মনোযোগ দেন না। একটা পর্যায়ে বুঝতে পেরেছেন, এসবের জবাব দেওয়া সময়ের অপচয়। তাই নীরব থাকাকেই ভালো মনে করেন তিনি।
রাশমিকা বলেন, তার ব্যক্তিত্ব, সিনেমা, অভিনয় কিংবা কাজ নিয়ে যে কেউ সমালোচনা করতে পারেন। এটিকে তিনি পেশার অংশ এবং মানুষের মতপ্রকাশের স্বাধীনতা হিসেবে দেখেন। তবে পরিবারের সদস্যদের নিয়ে আক্রমণ মেনে নিতে পারেন না তিনি।
এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘কেউ যদি আমার পরিবারকে নিয়ে কথা বলে, সেটা আমার ভালো লাগে না। তখন আমি পুরোপুরি যোদ্ধার রূপে চলে যাব। আমার আসন্ন সিনেমা ‘মাইসা’র মতোই হয়ে উঠব। কারণ, আমার পরিবার এই পেশা বেছে নেয়নি। তারা জনপরিচিত কেউ নন। তাই যারা জনপরিচিত নন, তাদের নাম টেনে এনে ব্যক্তিত্ব নষ্ট করার চেষ্টা করা উচিত নয়।’
রাশমিকা আরও বলেন, তার পরিবার ও বন্ধুরা এ ধরনের আক্রমণের যোগ্য নন। তারকা হিসেবে তিনি ও তার স্বামী হয়তো এসব পরিস্থিতি সামলাতে পারেন, কিন্তু পরিবারের সদস্যদের লক্ষ্যবস্তু করা সীমা অতিক্রম করার শামিল।
এদিকে রাশমিকার পরবর্তী সিনেমা ‘মাইসা’। অ্যাকশনধর্মী এই সিনেমাটি পরিচালনা করেছেন রবীন্দ্র পুল্লে। প্রযোজনা করছে আনফর্মুলা ফিল্মস।
সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস