৩০ বছর মেয়াদি গঙ্গার পানিবণ্টন চুক্তির নবায়ন নিয়ে অনিশ্চয়তার মধ্যে চুক্তির বাস্তবায়ন পর্যবেক্ষণে ঢাকায় শেষ বৈঠক করেছে বাংলাদেশ ও ভারতের যৌথ কমিটি। রোববার (২২ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে যৌথ নদী কমিশনের (জেআরসি) সদস্যদের নেতৃত্বে গঠিত এ কমিটির ৯১তম বৈঠক অনুষ্ঠিত হয়।
যৌথ নদী কমিশনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৯৯৬ সালের ১২ ডিসেম্বর বাংলাদেশ ও ভারতের মধ্যে গঙ্গার পানিবণ্টন চুক্তি সই হয়। চুক্তির ৪ অনুচ্ছেদ অনুযায়ী, এর বাস্তবায়ন পর্যবেক্ষণের জন্য দুই দেশের যৌথ নদী কমিশনের সদস্যদের নেতৃত্বে একটি যৌথ কমিটি গঠন করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছর যৌথ কমিটির প্রথম বৈঠক (৮৯তম) ৮ এপ্রিল ঢাকায় এবং দ্বিতীয় বৈঠক (৯০তম) ২২ মে কলকাতায় অনুষ্ঠিত হয়। এর ধারাবাহিকতায় রোববার ঢাকায় তৃতীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে চুক্তির বাস্তবায়নসংক্রান্ত বার্ষিক প্রতিবেদন চূড়ান্ত করা হয়।
বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন যৌথ নদী কমিশনের সদস্য মো. আনোয়ার কাদির। অন্যদিকে ভারতীয় দলের নেতৃত্ব দেন দেশটির যৌথ নদী কমিশনের সদস্য শরদ চন্দ্র।
যৌথ নদী কমিশন জানায়, ১৯৯৭ সাল থেকে গঙ্গার পানিবণ্টন চুক্তি বাস্তবায়নের লক্ষ্যে যৌথ কমিটি কাজ করছে। ফারাক্কা ও হার্ডিঞ্জ সেতু পয়েন্টে যৌথ পর্যবেক্ষক দল মোতায়েন, তাদের কার্যক্রম পর্যবেক্ষণ এবং এ-সংক্রান্ত বার্ষিক প্রতিবেদন তৈরি করা কমিটির দায়িত্ব।
এসব কার্যক্রম পরিচালনার জন্য প্রতিবছর যৌথ কমিটির তিনটি বৈঠক হওয়ার নিয়ম রয়েছে। এর মধ্যে ফারাক্কায় সরেজমিন পরিদর্শন শেষে একটি বৈঠক কলকাতায় অনুষ্ঠিত হয়। আরেকটি বৈঠক হয় ঢাকায়, হার্ডিঞ্জ সেতু এলাকায় গঙ্গা বা পদ্মা নদী পরিদর্শনের পর।
১৯৯৬ সালের ১২ ডিসেম্বর তৎকালীন আওয়ামী লীগ সরকার ভারতের সঙ্গে ৩০ বছর মেয়াদি গঙ্গার পানিবণ্টন চুক্তি করে। চুক্তি অনুযায়ী, প্রতিবছর ১ জানুয়ারি থেকে ৩১ মে পর্যন্ত ফারাক্কা পয়েন্টে বাংলাদেশ ও ভারতের মধ্যে পানিবণ্টন করা হয়।
চলতি বছরের ১২ ডিসেম্বর চুক্তিটির মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, গত এপ্রিলে গঙ্গা চুক্তি নিয়ে আলোচনার জন্য একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করে বাংলাদেশ সরকার। এরপর জুনে আনুষ্ঠানিকভাবে ভারতকে আলোচনার প্রস্তাব দেয় ঢাকা। একই অনুরোধের কথা উল্লেখ করে আগস্টে আরও এক দফা চিঠি পাঠানো হয়। তবে বাংলাদেশের এসব অনুরোধে এখনো সাড়া দেয়নি ভারত।