হাসিনার ফেরার পথ দেখতে পেট্রাপোলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতা: ভারতীয় গণমাধ্যম

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পলাতক চার জ্যেষ্ঠ নেতা পশ্চিমবঙ্গের পেট্রাপোল সীমান্ত এলাকা পরিদর্শন করেছেন বলে জানিয়েছে ভারতের বেশ কয়েকটি গণমাধ্যম। খবরে বলা হয়েছে, গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে ফেরার সম্ভাব্য রুট নির্ধারণেই তাদের এই সফর।

রোববার (২২ নভেম্বর) ভারতের কয়েকটি গণমাধ্যম এ খবর প্রকাশ করেছে।

এই সফরের পর ইমিগ্রেশন এলাকায় প্রায় দুই ঘণ্টার একটি রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়।

ওই প্রতিনিধিদলে ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ও মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম এবং সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম।

ভারতের পেট্রাপোল স্থলবন্দরের ইমিগ্রেশন সেন্টারে রোববার দুপুরে ঘণ্টা দুয়েক ছিলেন বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এই নেতারা। 

আওয়ামী লীগের নেতারা একটি সাদা গাড়িতে করে এসে ওই ইমিগ্রেশন সেন্টারে ঢোকেন। তবে সেখানে তারা কী করেছেন সে সম্পর্কে অভিবাসন দপ্তর, ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বা রাজ্য পুলিশের অধীন পেট্রাপোল থানা কোনো মন্তব্য করতে চায়নি। স্থানীয় মানুষের প্রবেশের যে পথ, সেই পথ দিয়ে আওয়ামী লীগের নেতারা ইমিগ্রেশন সেন্টারে যাননি। তারা সেন্টারে ঢুকতে ও বের হতে ভিন্ন পথ ব্যবহার করেন বলে ঘটনাস্থলে অপেক্ষারত সাংবাদিকেরা জানিয়েছেন।

তবে অন্য গণমাধ্যমগুলোর প্রতিবেদনে কেবল বলা হয়েছে, ওই নেতারা পেট্রাপোল ও আগরতলা সফরের পরিকল্পনা করছেন।

ওই সময়ে সেখানে একটি মিছিল বের হয়, যার নেতৃত্বে ছিলেন বনগাঁ উত্তর এবং দক্ষিণের বিজেপির কয়েকজন নেতা ও রাজ্যমন্ত্রী অশোক কীর্তনীয়া। ছিলেন বিধায়ক স্বপন মজুমদার।

ওই মিছিলের আয়োজন করেছিল হিন্দু সুরক্ষা সমিতি নামে হিন্দুত্ববাদী একটি সংগঠন। তারা সেখানে এক সভার আয়োজন করেছিল বাংলাদেশে কারাবন্দী সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময়কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে। সভার আয়োজকদের অভিযোগ, বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর অত্যাচার হচ্ছে। পরে বিধায়ক স্বপন মজুমদার স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, এই পথে অর্থাৎ কলকাতা থেকে যশোর রোড ধরে বনগাঁ ও পেট্রাপোল হয়ে শেখ হাসিনা বাংলাদেশে প্রবেশ করতে পারেন।

বর্তমানে পশ্চিমবঙ্গে থাকা কয়েকজন আওয়ামী লীগ নেতার দাবি, ডিসেম্বরের মাঝামাঝি বাংলাদেশে প্রবেশের একটা চেষ্টা শুরু হয়েছে। শুধু শেখ হাসিনা নন, দলের অনেক নেতাই তার সঙ্গে প্রবেশের কথা ভাবছেন।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ওই নেতারা সকাল ৯টার দিকে কলকাতার নিউ টাউন এলাকা থেকে রওনা দিয়ে দুপুর প্রায় ২টার দিকে বেনাপোল সীমান্তের বিপরীত পাশে পেট্রাপোলে পৌঁছান। এরপর বিকেল পৌনে ৪টার দিকে তারা ফিরতি পথে কলকাতার উদ্দেশে রওনা হন।

খবরে আরও বলা হয়েছে, আওয়ামী লীগ নেতারা আগরতলা-আখাউড়া সীমান্তসহ ত্রিপুরার বিকল্প পথগুলো ঘুরে দেখতে পারেন। আগামী মঙ্গলবার ত্রিপুরা সীমান্ত এবং পরদিন মহারাজা বীর বিক্রম বিমানবন্দর থেকে আখাউড়া সীমান্ত সংযোগকারী পথটি তাদের পরিদর্শন করার পরিকল্পনা রয়েছে।

উল্লেখ্য, জুলাই গণ–অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০২৪ সালের ৫ আগস্ট থেকে তিনি ভারতে অবস্থান করছেন।