২৫০ বছরের পুরোনো চার্লির কুঠিবাড়ি ধ্বংসের দ্বারপ্রান্তে

আজ থেকে প্রায় আড়াই শ বছর আগে যে বাড়িকে ঘিরে গড়ে উঠেছিল খুলনা মহানগরীর জনপদ, বাণিজ্য আর নগরায়ণের প্রাথমিক ইতিহাস। ভৈরব নদের তীরে দাঁড়িয়ে থাকা জরাজীর্ণ, ভগ্ন খুলনার প্রথম সেই দালান বাড়িটি এখন ধ্বংসের দ্বারপ্রান্তে। ব্রিটিশ ঔপনিবেশিক আমলের নীলকরদের স্মৃতিবিজড়িত সেই ঐতিহাসিক স্থাপনার নাম ‘চার্লির কুঠিবাড়ি’। সংস্কার ও সংরক্ষণের অভাবে এমনিতেই জরাজীর্ণ হয়ে পড়েছিল স্থাপনাটি। এর ওপর ইট, কাঠ ও লোহার বিভিন্ন অংশ খুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা। ফলে খুলনার ইতিহাস ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ এই নিদর্শনটি একেবারে নিশ্চিহ্ন হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

ইতিহাসের তথ্য অনুযায়ী, ব্রিটিশ শাসনামলে নীলকর চার্লস বা চার্লি সাহেব এই বাড়িটি নির্মাণ করেছিলেন। খুলনা ইনস্টিটিউটের গবেষণায় ১৭৮৬ সালে বাড়িটি নির্মাণের তথ্য পাওয়া যায়। অন্যদিকে বিভিন্ন ঐতিহাসিক বিবরণে ১৭৯৫ সালের কথাও উল্লেখ রয়েছে।

ভৈরব নদের তীরে প্রায় ৪৩ শতাংশ জমির ওপর নির্মিত এই দোতলা ভবনটি খুলনা অঞ্চলের প্রথম পাকা দালান হিসেবে পরিচিত। চার্লি সাহেব এই বাড়িতে বসেই নীল চাষের কার্যক্রম পরিচালনা করতেন। পাশাপাশি বাড়ির পূর্ব পাশে ভৈরব নদের তীরে গড়ে তোলেন একটি হাট। তার নাম অনুসারে সেটি পরিচিতি পায় ‘চার্লির হাট’ বা ‘সাহেবের হাট’ নামে। কালক্রমে সেই জনপদই খুলনা মহানগরীর ব্যবসা-বাণিজ্যের প্রাণ ‘বড় বাজার’ হিসেবে পরিচিতি লাভ করে।

চার্লির কুঠিবাড়ি শুধু একটি পুরোনো স্থাপনা নয়, খুলনা মহানগরীর বিকাশ, ব্যবসা-বাণিজ্যের বিস্তার ও জনপদ গড়ে ওঠার ইতিহাসের সঙ্গেও গভীরভাবে জড়িয়ে আছে। এই বাড়ির সঙ্গে জড়িয়ে রয়েছে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন, নীলচাষের ইতিহাস এবং এ অঞ্চলের মানুষের জীবন-জীবিকার নানা অধ্যায়।

স্থাপত্যশৈলীর দিক থেকেও বাড়িটি গুরুত্বপূর্ণ। ইট, বালি, চুন-সুরকি, লোহার খাম্বা ও কাঠের পাটাতন দিয়ে নির্মিত হয়েছিল দোতলা বাংলো ধাঁচের ভবনটি। ছাদে ব্যবহার করা হয়েছিল মাটির টালি। নিচতলায় চারটি এবং ওপরতলায় তিনটি কক্ষ ছিল। দুই তলার সামনেই ছিল প্রশস্ত বারান্দা। বারান্দায় কাঠ ও লোহার তৈরি রেলিং ছিল স্থাপনার অন্যতম আকর্ষণ। দোতলায় ওঠার জন্য ছিল দুটি সিঁড়ি। নির্মাণশৈলী ও উপকরণ বিবেচনায় ভবনটি খুলনার প্রথম  স্থাপত্য ঐতিহ্যেরও একটি গুরুত্বপূর্ণ নিদর্শন। নীলকর চার্লস তার এই কুঠিবাড়ি থেকে নীলচাষ ও বাণিজ্য নিয়ন্ত্রণ করতেন। এটি কুঠিবাড়িটি খুলনার নগরায়ণের প্রারম্ভের সাক্ষী হিসেবে বিবেচিত।

গত বৃহস্পতিবার দুর্বৃত্তরা প্রকাশ্যেই ব্রিটিশ ঔপনিবেশিক আমলের নীলকরদের স্মৃতিবিজড়িত চার্লির কুটিবাড়ি থেকে ইট, কাঠ ও লোহার বিভিন্ন অংশ খুলে নিয়ে যায়। যেন ঐতিহ্যবাহী পরিত্যক্ত এই বাড়িটি রক্ষা করার কেউ নেই। তবে লুটপাটের খবর পেয়ে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ গত বৃহস্পতিবার বিকালেই বাড়িটির দেখভালের জন্য দুই জন নিরাপত্তা রক্ষী নিয়োগ দিয়েছে।

রেলওয়ে এলাকার বাসিন্দা মো. সাব্বির হতাশা প্রকাশ করে বলেন, নীলকর চার্লির কুটি বাড়িটি আমাদের খুলনার প্রথম বিল্ডিং। কারা বিল্ডিংটি ভেঙে এর ইট, কাঠ,  লোহা খুলে নিয়ে গেল তা সঠিকভাবে আমরা জানি না। তবে সরকারের যে দপ্তরের অধীনে এই বিল্ডিংটি আছে, তাদের গাফিলতির কারণেই দুর্বৃত্তরা বিল্ডিংটি ভেঙে এর ইট, কাঠ, লোহা খুলে নিয়ে গেছে। তারা যদি সঠিকভাবে তদারকি করত, তাহলে বিল্ডিংটির এই করুণ দশা হতো না। খুলনাবাসী হিসাবে আমি লজ্জিত ইতিহাস সমৃদ্ধ খুলনার প্রথম দালান বাড়িটি আমরা রক্ষা করতে পারিনি।

খুলনা নাগরিক সমাজের সদস্যসচিব অ্যাডভোকেট বাবুল হাওলাদার বলেন, বাবা-দাদা আমাদের জানিয়েছেন চার্লির কুঠি বাড়িটি খুলনা শহরের প্রথম দালানবাড়ি। বাড়িটি খুলনার নগর গঠনের প্রাথমিক ধাপ এবং সামাজিক ইতিহাসের দৃষ্টান্ত। নানান ইতিহাসের সাক্ষী সেই বাড়িটির স্মৃতিচিহ্নই এখন সবার চোখের সামনে ধ্বংস যাচ্ছে। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের উচিত দ্রুত বাড়িটিকে তাদের তত্ত্বাবধানে নিয়ে সংরক্ষণ করা।

খুলনা বিআইডব্লিউটিসির নিরাপত্তা কর্মকর্তা আলী আকবর বলেন, এই জমিটি রেলওয়ের কাছে হস্তান্তর করা হয়েছে। এখন এটি তারাই তত্ত্বাবধায়ন করে।

এ ব্যাপারে বাংলাদেশ রেলওয়ে, খুলনার ভূ-সম্পত্তি বিভাগের কানুনগো ইকবাল মাহমুদ বলেন, জায়গাটি রেলওয়ের, তবে স্থাপনাটি বিআইডব্লিউটিসির। তবে স্থাপনাটির মালামাল চুরি হয়েছে কি না, সে ব্যাপারে আমার কিছুই জানা নেই।