এইচএসসির উত্তরপত্র পুনঃনিরীক্ষণের ফল আজ

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের ফল সোমবার (২৩ নভেম্বর) প্রকাশ করা হবে। বিকেল ৩টায় শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে ফল প্রকাশ করা হবে। পাশাপাশি আবেদন করার সময় পরীক্ষার্থীদের দেওয়া মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমেও ফল জানানো হবে।

রোববার (২২ নভেম্বর) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক আক্তারুজ্জামান ও পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানুর সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এবার দেশের ৯টি সাধারণ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডে উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেছেন মোট ২ লাখ ৯১ হাজার ২০৯ জন শিক্ষার্থী। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে ১৪ দিনে ১০ লাখ ৮৭ হাজার ৪১৩টি খাতা পুনঃনিরীক্ষণ করা হয়েছে।

গত ৩১ অক্টোবর এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। ১১টি শিক্ষা বোর্ডের অধীন পরীক্ষায় অংশ নেওয়া ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন।

ফল প্রকাশের পরদিন ১ নভেম্বর থেকে উত্তরপত্র পুনঃনিরীক্ষণের আবেদন নেওয়া শুরু হয়। প্রকাশিত ফলে এক বিষয়ে অকৃতকার্য হয়েছেন ২ লাখ ৯৮ হাজার ৪০ জন এবং দুই বিষয়ে অকৃতকার্য হয়েছেন ১ লাখ ২৪ হাজার ৮৬৫ জন।

এদিকে এইচএসসির সম্পূরক পরীক্ষা শুরু হবে আগামী ১ ডিসেম্বর। পরীক্ষা চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। ব্যবহারিক পরীক্ষাও এ সময়ের মধ্যে শেষ করতে হবে। ফল প্রকাশের এক মাসের মধ্যেই এবার সম্পূরক পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে। এক বা দুই বিষয়ে অকৃতকার্য হওয়া শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশ নিতে পারবেন।