টঙ্গীতে বসতবাড়িতে আগুন, শিশুসহ তিনজন দগ্ধ

গাজীপুরের টঙ্গী পশ্চিম থানাধীন দাঁড়াইল পশ্চিমপাড়া গ্রামে এক বাড়িতে আগুন লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনায় শিশুসহ তিনজন দগ্ধ হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রোববার (২২ নভেম্বর) রাত ৯টায় টঙ্গীর দাঁড়াইল পশ্চিমপাড়া এলাকায় জাহানারা বেগমের ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে। রাত ১০টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

আহতরা হলেন, ঝালকাঠি জেলার গলাচিপা থানার চর বিশ্বাস গ্রামের সুলতান মৃধার মেয়ে মনিরা আক্তার (৩০), খুলনা জেলার কয়রা থানার আশফাক গাজীর ছেলে তরিকুল ইসলাম (২৬) ও নরসিংদী সদর থানার পাঁচকোনা গ্রামের সুমন মিয়ার ছেলে আরিফুল ইসলাম আরাফাত (৬)।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, রাতে হঠাৎ করে এক রুমে আগুন দেখে অন্য ভাড়াটিয়ারা দৌড়ে বাইরে বেরিয়ে পড়েন। আহত তিনজন ঘর থেকে বের হতে গিয়ে দগ্ধ হন। আগুন লাগার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। দগ্ধদের নিকটবর্তী গুটিয়া ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাৎক্ষণিকভাবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে তাদের স্থানান্তর করা হয়।

টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহিন আলম বলেন, আগুনে তিনজন দগ্ধ হয়েছেন। ক্ষতির পরিমাণ ৫ লাখ টাকা। গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুনের সূত্রপাত বলে জানান তিনি।

গুটিয়া ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের কর্মকর্তা মিঠুন জানান, শিশুসহ দগ্ধ তিনজনকে আমাদের হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।

টঙ্গী পশ্চিম থানার ওসি আরিফুর রহমান বলেন, আগুনে তিনজন দগ্ধ হয়েছেন। তাদের গুটিয়া মেডিকেল থেকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে আগুন লাগার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।