তৈরি পোশাকশিল্পের শ্রমিক ও কর্মচারীদের নতুন নিম্নতম মজুরি নির্ধারণে সুপারিশ প্রণয়নের জন্য আজ সোমবার (২৩ নভেম্বর) বৈঠকে বসছে নিম্নতম মজুরি বোর্ড। স্থগিত হওয়া বোর্ডের তৃতীয় এ সভায় মালিকপক্ষের মজুরি প্রস্তাব জমা দেওয়ার পাশাপাশি নতুন মজুরি কাঠামো নিয়ে আলোচনা হবে।
রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের সভাকক্ষে সকাল ১১টা ৩০ মিনিটে বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। গত ১৭ নভেম্বর বোর্ডের সচিব রাইসা আফরোজ স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়।
বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩৯ ধারা অনুযায়ী বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানীর সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হবে। আলোচ্যসূচিতে রয়েছে, মালিকপক্ষের লিখিত মজুরি প্রস্তাব জমা এবং পোশাকশিল্পের সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীর নিম্নতম মজুরি নির্ধারণে সুপারিশ প্রণয়ন।
সভায় নিরপেক্ষ সদস্য হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোসলেহ উদ্দিন আহমদ, মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুব এবং শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন ও বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের (বিজিআইডব্লিউএফ) সাধারণ সম্পাদক বাবুল আখতারের উপস্থিত থাকার কথা রয়েছে।
এর আগে গত ১৬ নভেম্বর বোর্ডের তৃতীয় সভা হওয়ার কথা থাকলেও তা স্থগিত করা হয়। ওই বৈঠকেই মালিকপক্ষের মজুরি প্রস্তাব জমা দেওয়ার কথা ছিল।
গত ৯ নভেম্বর বোর্ডের দ্বিতীয় সভায় বর্তমান বাজারদর ও জীবনযাত্রার ব্যয় বিবেচনায় পোশাক শ্রমিকদের নিম্নতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দেয় শ্রমিকপক্ষ। তবে মালিকপক্ষের প্রতিনিধিরা তাৎক্ষণিক কোনো প্রস্তাব না দিয়ে অভ্যন্তরীণ আলোচনার জন্য সময় চান। পরে বোর্ড তাদের চার কার্যদিবস সময় বেঁধে দেয়।
উল্লেখ্য, ২০২৩ সালের নভেম্বরে পোশাক শ্রমিকদের সর্বশেষ নিম্নতম মজুরি নির্ধারণ করা হয়েছিল ১২ হাজার ৫০০ টাকা। নতুন মজুরি কাঠামো আগামী ডিসেম্বর থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে।