সামনে বছর ইরানে আবারও হামলা চালাতে আগ্রহী ট্রাম্প

আলোচনার মাধ্যমে কোনো চুক্তিতে পৌঁছানো সম্ভব না হলে সামনে বছর ইরানের বিরুদ্ধে আবারও সামরিক হামলা শুরু করার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (২৩ নভেম্বর) সম্প্রচারমাধ্যম ফক্স নিউজের বরাতে আনাদোলু এজেন্সিতে এই খবর জানিয়েছে।

ফক্স নিউজকে ট্রাম্প জানান, তেহরানের সঙ্গে পরোক্ষ আলোচনা চলমান রয়েছে, তবে কোনো অগ্রগতি না হওয়ায় তিনি হতাশা প্রকাশ করেন। প্রতিবেদন অনুযায়ী, প্রেসিডেন্ট ইরানি আলোচকদের ‘পেশাদার ট্যাপ ড্যান্সার’ হিসেবে বর্ণনা করে বলেন, ‘তারা সব সময় কথা বলে। তারা কেবল কথাই বলে যায়, কিন্তু এর সবই অর্থহীন বকওয়াস।’

হরমুজ প্রণালিতে তীব্র উত্তেজনার মধ্যেই ট্রাম্পের এই মন্তব্য এলো, যেখানে ইরানি বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের চলমান নৌ অবরোধ সত্ত্বেও তেলবাহী ট্যাংকারগুলোতে ইরানের হামলা অব্যাহত রয়েছে। তেহরান এই অবরোধ পরীক্ষা করে দেখতে পারে বলে ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনের বিষয়ে জানতে চাওয়া হলে ট্রাম্প সতর্ক করে দেন, অবরোধ অতিক্রমের চেষ্টাকারী ইরানি নৌযানগুলোতে হামলা চালিয়ে ডুবিয়ে দেওয়া হবে। তিনি ইঙ্গিত দেন, অবরোধ ভাঙার চেষ্টাকারী নৌযানগুলোর ওপর মার্কিন বাহিনী গুলি চালাবে।

ফক্স নিউজ জানিয়েছে, ইরানে নতুন করে শুরু হওয়া বিক্ষোভের ভিডিও দেখার পর ট্রাম্প দেশটির সরকারবিরোধী আন্দোলনকারীদের প্রতিবাদ চালিয়ে যাওয়ার জন্য উৎসাহিত করেছেন। হরমুজ প্রণালির কাছে বাণিজ্যিক জাহাজে ইরানের নতুন হামলা এবং বাহরাইনে মার্কিন বাহিনীকে লক্ষ্য করে চালানো হামলার খবরের পরই ট্রাম্প এসব মন্তব্য করলেন।

উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাসে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পর থেকে আঞ্চলিক উত্তেজনা চরমে রয়েছে, যার জবাবে তেহরান ইসরায়েল এবং অঞ্চলজুড়ে মার্কিন সামরিক স্থাপনাগুলোতে হামলা চালায়। শত্রুতা বন্ধের লক্ষ্যে গত জুন মাসে ওয়াশিংটন ও তেহরান একটি কাঠামোগত চুক্তিতে স্বাক্ষর করে এবং আলোচনা শুরু করলেও হরমুজ প্রণালিতে নিরাপদ ও অবাধ নৌচলাচল নিশ্চিত করার উপায় নিয়ে মতবিরোধের জেরে তা স্থবির হয়ে পড়ে। যুদ্ধ অবসানের প্রচেষ্টা অব্যাহত থাকা সত্ত্বেও গত জুলাই মাস থেকে পক্ষগুলোর মধ্যে থেমে থেমে সংঘর্ষ চলছে।

সূত্র: আনাদোলু এজেন্সি