১৯৯৬-৯৭ সালে রাজধানীর কারওয়ান বাজার, ফার্মগেট, রাজাবাজার, তেজগাঁও, তেজগাঁও শিল্পাঞ্চল ও শেরেবাংলা নগরসহ বিভিন্ন এলাকায় একের পর এক আলোচিত হত্যাকাণ্ড ঘটছে। এসব ঘটনার সূত্র ধরে বারবার উঠে আসছিল একজনের নাম। তবে তাকে প্রকাশ্যে খুব একটা দেখা যেত না। প্রচলিত ছিল, ছদ্মবেশে চলাফেরা করেন তিনি। পরনে থাকে বুলেটপ্রুফ জ্যাকেট। নাম শেখ মোহাম্মদ আসলাম, পরিচিতি ‘সুইডেন আসলাম’।
ঢাকার একসময়ের আলোচিত শীর্ষ সন্ত্রাসীদের অন্যতম ছিলেন তিনি। দীর্ঘ চেষ্টা ও নানা পরিকল্পনার পর ১৯৯৭ সালের ২৬ মে তাকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তখন তার বয়স ছিল ৩৫ বছর। দীর্ঘ ২৭ বছর কারাগারে থাকার পর ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর জামিনে মুক্তি পান তিনি। এরপর প্রায় দুই বছর বাইরে থাকার পর আবারও গ্রেপ্তার হলেন এই আলোচিত সন্ত্রাসী।
সোমবার (২৩ নভেম্বর ২০২৬) ভোররাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দেশ ছাড়ার চেষ্টাকালে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়।
ডিবির একজন জ্যেষ্ঠ কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। ওই কর্মকর্তা জানান, সরকারের উচ্চপর্যায়ের নির্দেশনার পর প্রায় এক মাস ধরে আসলামকে গ্রেপ্তারের চেষ্টা চলছিল। তার দেশত্যাগ ঠেকাতে পাসপোর্টও ব্লক করে রাখা হয়েছিল।
আসলাম ঢাকার নবাবগঞ্জ উপজেলার ছাতিয়া এলাকার প্রয়াত শেখ জিন্নাত আলীর ছেলে। পরিবারসহ থাকতেন রাজধানীর ইন্দিরা রোডে। তেজগাঁও পলিটেকনিক স্কুল, বর্তমানে তেজগাঁও সরকারি বিদ্যালয়, থেকে এসএসসি পাস করেন তিনি।
বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী, ১৯৮৬-৮৭ সালের দিকে অপরাধজগতে তার উত্থান শুরু হয়। শুরুতে রাজাবাজার ও ইন্দিরা রোড এলাকায় ছিল তাঁর আধিপত্য। ১৯৮৭ সালে পূর্ব রাজাবাজারের নাজনীন স্কুলের ভেতরে মায়ের সামনে কিশোর শাকিলকে হত্যার অভিযোগে ব্যাপক আলোচনায় আসেন আসলাম।
সে সময় কারওয়ান বাজার ও আশপাশের এলাকার অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করত জাতীয় তরুণ পার্টির রানা গ্রুপ। ওই গ্রুপের একজন ক্যাডার ছিলেন পিচ্চি হান্নান। এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ১৯৯০ সালের পর রানা গ্রুপের সঙ্গে সুইডেন আসলামের বিরোধ বাড়তে থাকে। রানা গ্রুপ তখন বেশ শক্তিশালী ছিল। দুই পক্ষের মধ্যে নিয়মিত হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটত। এসব সংঘর্ষে ককটেল বিস্ফোরণ ও গোলাগুলিতে হতাহত হন অনেকে।
একপর্যায়ে ১৯৯৬ সালে রানা গ্রুপের অন্যতম ক্যাডার পিচ্চি হান্নানকে নিজের দলে নিয়ে আসেন আসলাম। পরে একই বছর কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউয়ের সুপারস্টার হোটেলের সামনে হান্নানকে দিয়ে রানা হত্যার অভিযোগ ওঠে আসলামের বিরুদ্ধে।
এ ঘটনার পর কারওয়ান বাজার, তেজতুরি বাজার, তেজগাঁও, তেজগাঁও শিল্পাঞ্চল ও শেরেবাংলা নগর এলাকায় আসলামের আধিপত্য বিস্তৃত হয় বলে বিভিন্ন সূত্রে জানা যায়। এর মধ্যে কারওয়ান বাজার ও তেজতুরি বাজারের নিয়ন্ত্রণ দেওয়া হয় পিচ্চি হান্নানের হাতে। তবে এসব এলাকার অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালিত হতো আসলামের নামেই।
যুবলীগ নেতা গালিব হত্যাকাণ্ডের পর ১৯৯৭ সালের ২৬ মে গ্রেপ্তার হন সুইডেন আসলাম। সে সময় তার কাছ থেকে একটি বুলেটপ্রুফ জ্যাকেটও উদ্ধার করা হয়। তবে কারাগারে যাওয়ার পরও অপরাধজগতের সঙ্গে তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়নি বলে অভিযোগ রয়েছে। ঘনিষ্ঠ সহযোগী পিচ্চি হান্নানের মাধ্যমে কারাগারে বসেই বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করতেন তিনি বলে বিভিন্ন সূত্রে জানা যায়।
কারওয়ান বাজার ও তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় আড়তমালিক, গার্মেন্টস ব্যবসায়ী এবং জমি কেনাবেচার সঙ্গে জড়িত ব্যক্তিদের কাছ থেকে আসলামের নামে চাঁদা তুলতেন হান্নান ও তার অনুসারীরা বলে অভিযোগ রয়েছে। সেই অর্থের ভাগ কারাগারে বসেই পেতেন আসলাম।
এ ছাড়া মাদক চোরাকারবার, অর্থের বিনিময়ে হত্যাকাণ্ড এবং জমি দখলসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গেও তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।
আসলাম। কারাগারের ভেতরে একাধিকবার মারামারিতে জড়ানোর অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। এমনকি তার সেল থেকে দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছিল বলে কারাগার সূত্রে জানা যায়।
অভিযোগ রয়েছে, ওই ফোন ব্যবহার করে কারাগারের বাইরে থাকা সহযোগীদের সঙ্গে যোগাযোগ রাখতেন তিনি। তার বিরুদ্ধে মামলা করা ব্যক্তিদের পাশাপাশি মামলার সাক্ষীদেরও হুমকি দেওয়ার অভিযোগ ছিল। এসব ঘটনার কারণে বিভিন্ন সময়ে তাঁকে এক কারাগার থেকে অন্য কারাগারে স্থানান্তর করা হয়।
২০০০ সালের পর অপরাধজগতে পিচ্চি হান্নানের নামও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। একপর্যায়ে তিনি নিজস্ব শক্তিশালী বাহিনী গড়ে তোলেন। এরপর সুইডেন আসলামের পরিচয়ের ওপর নির্ভর না করে নিজের নামে আধিপত্য বিস্তার করতে শুরু করেন। ধীরে ধীরে নিজস্ব পরিচয়ে অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করতে থাকেন হান্নান।
আসলামের নামের আগে ‘সুইডেন’ শব্দটি যুক্ত হওয়ার পেছনেও রয়েছে ব্যক্তিগত জীবনের একটি ঘটনা। বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী, তার প্রথম স্ত্রী ইতি ছিলেন সুইডেনপ্রবাসী। বিয়ের পর আসলামও স্ত্রীর সঙ্গে সুইডেনে গিয়ে কয়েক বছর বসবাস করেন। সেই সূত্রেই নামের আগে ‘সুইডেন’ শব্দটি যুক্ত হয়। পরে তাদের মধ্যে বিচ্ছেদ ঘটে।
আসলামের ঘনিষ্ঠজনদের কেউ কেউ দাবি করেন, ২০১০ সালের পর চাইলে তিনি কারাগার থেকে বের হতে পারতেন। তবে ক্রসফায়ারের আশঙ্কায় তিনি জামিনের জন্য জোরালো চেষ্টা করেননি।
বিভিন্ন সময়ে সুইডেন আসলামের বিরুদ্ধে ২২টি মামলা হয়েছিল বলে জানা যায়। এর মধ্যে নয়টি ছিল হত্যা মামলা। অস্ত্র মামলায় ১৭ বছরসহ কয়েকটি মামলায় সাজাও হয়েছিল তার।
দীর্ঘ ২৭ বছর কারাভোগের পর ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর জামিনে মুক্তি পান সুইডেন আসলাম। ওই দিন রাত ৯টার দিকে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে বের হন তিনি। তখন তাঁর বয়স ছিল ৬২ বছর।
তবে মুক্তির প্রায় দুই বছর পর আবারও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেপ্তার হলেন ঢাকার একসময়ের আলোচিত এই শীর্ষ সন্ত্রাসী। এবার দেশ ছাড়ার চেষ্টাকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে ডিবির কাছে হস্তান্তর করা হয়।