ইউক্রেনের কিয়েভ অঞ্চলে একটি আবাসিক ভবনে হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। অন্যদিকে রাতভর রাশিয়ার বেশ কয়েকটি অঞ্চলে তেল অবকাঠামোসহ বিভিন্ন স্থানে ড্রোন হামলার খবর পাওয়া গেছে বলে ইউক্রেনীয় ও রুশ কর্মকর্তারা জানিয়েছেন। সোমবার (২৩ নভেম্বর) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে।
ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি সেবা বিভাগ জানিয়েছে, ধ্বংসপ্রাপ্ত ভবনটির ধ্বংসস্তূপের নিচ থেকে রাতভর তল্লাশি ও উদ্ধার অভিযান চালিয়ে উদ্ধারকর্মীরা ১১ জনের মরদেহ উদ্ধার করেছেন। সংস্থাটি বলেছে, ‘উদ্ধারকর্মীরা সারা রাত তল্লাশি চালিয়ে গেছেন এবং নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে বিমান হামলার সতর্কতার সময় সাময়িকভাবে অভিযান স্থগিত রেখেছিলেন।’
রাশিয়ার রোস্তভ অঞ্চলের গভর্নর ইউরি স্লিউসার জানিয়েছেন, কামেনস্ক-শাখতিনস্কি শহর এবং অঞ্চলটির আটটি জেলার আকাশে ৮০টিরও বেশি ড্রোন প্রতিহত বা অকার্যকর করা হয়েছে। কোনো বিস্তারিত তথ্য না দিয়ে স্লিউসার জানান, ক্রাসনোসুলিনস্কি জেলায় ড্রোনের ধ্বংসাবশেষ থেকে আগুনের সূত্রপাত হয় এবং সেখানে জরুরি সেবা দল কাজ করছে।
এদিকে নভোশাখতিনস্কের বাসিন্দারা রাতভর বিস্ফোরণ ও বড় ধরনের অগ্নিকাণ্ডের কথা জানিয়েছেন। সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, দক্ষিণ রাশিয়ার একটি প্রধান তেল শোধনাগার নভোশাখতিনস্ক তেল পণ্য কারখানায় এই হামলা চালানো হয়েছে।
সকালে দক্ষিণ-পূর্বাঞ্চলীয় তাতারস্তানেও ড্রোন হামলা চালানো হয়েছে বলে আঞ্চলিক প্রধান রুস্তম মিনিখানভের প্রেস সার্ভিস জানিয়েছে। আঞ্চলিক কর্তৃপক্ষ জানিয়েছে, আলমেটিয়েভস্কের কাছে বেশ কয়েকটি তেল সংরক্ষণাগার ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
অন্যদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের বাহিনী রাতভর ড্রোনের সাহায্যে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর স্বার্থে ব্যবহৃত জ্বালানি, রসদ ও বন্দর অবকাঠামোর পাশাপাশি জাহাজে হামলা চালিয়েছে।
মন্ত্রণালয় জানিয়েছে, লক্ষ্যবস্তুগুলোর মধ্যে ছিল ইউক্রেনের সামরিক-শিল্প প্রতিষ্ঠানে বিদ্যুৎ সরবরাহকারী নিপ্রোর একটি ৩৩০-কিলোভোল্ট সাবস্টেশন, সামরিক সরঞ্জাম সরবরাহে জড়িত বলে অভিযুক্ত ওদেসা অঞ্চলের ইজমাইল বন্দর স্থাপনা এবং ওদেসার দক্ষিণ-পশ্চিমে সামরিক রসদ বহনকারী একটি শুকনো পণ্যবাহী জাহাজ।
এছাড়া ইউক্রেনীয় বাহিনীর অস্ত্র ও সামরিক সরঞ্জাম পরিবহনে ব্যবহৃত নিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের নিপ্রোদজেরঝিনস্ক রেলওয়ে স্টেশনের কাছে দুটি রেল ইঞ্জিনেও হামলার খবর দিয়েছে মন্ত্রণালয়।
তবে চলমান সংঘাতের কারণে উভয় পক্ষের এসব দাবি স্বাধীনভাবে যাচাই করা কঠিন হয়ে পড়েছে।
সূত্র: আনাদোলু এজেন্সি