চুয়াডাঙ্গার জীবননগরে সীমান্তে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় একজন ভারতীয় ও তিনজন বাংলাদেশিসহ চারজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (২৩ নভেম্বর) এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান। এর আগে রোববার দিবাগত রাত দেড়টার দিকে বিজিবি উপজেলার বেনীপুর সীমান্তে তাদের আটক করা হয়।
আটকদের মধ্যে ৩ জন পুরুষ ও একজন নারী রয়েছেন।
তারা হলেন, নড়াইল জেলা সদরের দেবীপুর গ্রামের কালিপদ সরকারের ছেলে সুপাল সরকার (৩৫), ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার নগরচাপরাইল গ্রামের গৌরপদ বিশ্বাসের ছেলে সুজন বিশ্বাস (৩৪) ও ভারতের চব্বিশ পরগনা জেলার এয়ারপোর্ট থানার বাঁকড়া গ্রামের শরিফুল মীরের ছেলে রাহুল মীর (২১)।
তবে ঘটনায় আটক বাংলদেশি নারীর বিস্তারিত পরিচয় জানা যায়নি।
সোমবার পাঠানো বিজিবির মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রোববার রাত ১টা ৩০ মিনিটের দিকে বেনীপুর সীমান্তের ৬১/৬-এস পিলার থেকে আনুমানিক ৬০০ মিটার বাংলাদেশের অভ্যন্তরে বেনীপুর বৃত্তিপাড়ায় অভিযান চালায় বেনিপুর বিওপির বিজিবি সদস্যরা। এসময় বিজিবি সদস্যরা অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের চেষ্টাকালে একজন ভারতীয় নাগরিক ও ৩ জন বাংলাদেশিসহ মোট চারজনকে আটক করে।
মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান বলেন, আটকদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে সোমবার জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে।