প্রেমিকার উদ্দেশে লেখা চিরকুট। তবে সেই চিরকুটের সঙ্গে ছিল না কোনো ফুল বা উপহার। কালো টেপে মোড়ানো একটি জর্দার কৌটার গায়ে লেখা ছিল বার্তাটি। বোমাসদৃশ বস্তুটির গায়ে চিরকুট দেখে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ।
ঘটনাটি মেহেরপুরের গাংনী উপজেলার নবীনপুর গ্রামের। রোববার (২২ নভেম্বর) দুপুরে গ্রামের খেলার মাঠের পাশে একটি নির্মাণাধীন ভবনের পিলারের ওপর বস্তুটি পড়ে থাকতে দেখা যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, পিলারের ওপর কালো টেপে মোড়ানো বোমাসদৃশ বস্তু পড়ে থাকার খবর ছড়িয়ে পড়লে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। দূর থেকে বস্তুটির গায়ে একটি চিরকুট দেখা যাচ্ছিল। তাতে লেখা ছিল, ‘আমি তোকে না পেলে পৃথিবীর কেউ তোকে পাবে না।’
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী বলেন, কোনো এক যুবক হয়তো তার প্রেমিকাকে উদ্দেশ করে চিরকুটটি লিখেছেন। আলোচনা তৈরির জন্য জর্দার কৌটায় তৈরি বোমাসদৃশ বস্তুটির গায়ে চিরকুটটি লেখা হয়েছে। তবে এতে লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল।
ওসি জানান, বোমাসদৃশ বস্তুটি নিষ্ক্রিয় করতে গিয়ে দেখা যায়, এর ভেতরে কোনো বিস্ফোরক নেই।
ভয় দেখানো কিংবা আলোচনা তৈরির উদ্দেশ্যে যে কারণেই এমন কাজ করা হোক না কেন, বোমাসদৃশ বস্তুটির গায়ে লেখা চিরকুটের বিষয়টি এখন পুলিশের তদন্তের অংশ।
এ বিষয়ে মেহেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আবদুল্লাহ আল আমিন বলেন, প্রেমের গল্পে সাধারণত তৃতীয় পক্ষের উপস্থিতি পছন্দ করেন না প্রেমিক-প্রেমিকারা। সে কারণে কেউ হয়তো এমন কাণ্ড ঘটিয়েছেন।