সামুদ্রিক পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে সেন্টমার্টিনের অভিযান চালিয়েছে কোস্টগার্ড। এসময় অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট, বিপন্নপ্রায় হাঙর ও শাপলাপাতা মাছসহ ২০ জেলেকে আটক করা হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) দুপুরে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এ তথ্য জানান।
তিনি বলেন, সেন্টমার্টিন দ্বীপ থেকে ১০ নটিক্যাল মাইল উত্তরে সমুদ্র এলাকায় গত রোববার বিকেল ৫ টায় অপারেশন ‘কোরাল দ্বীপ’-এ অভিযান চালায় কোস্টগার্ড। এসময় ওই এলাকা থেকে একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়। জব্দ বোটে তল্লাশি করে পাঁচটি ট্রলিং জাল, একটি আহরণ নিষিদ্ধ হাঙর ও ১০টি শাপলাপাতা মাছ এবং প্রায় ৬০০ কেজি বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছসহ ২০ জনকে আটক করা হয়।
কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত বলেন, অভিযানের পর বোটের প্রধান মাঝিকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন ভ্রাম্যমাণ আদালত। তাকে সেন্টমার্টিন পুলিশ ফাঁড়ির কাছে হস্তান্তর করা হয়েছে এবং ১৯ জন জেলেকে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়। জব্দ সামুদ্রিক মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয় এবং হাঙর, শাপলাপাতা মাছ, ট্রলিং বোট ও জালের ব্যাপারে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, সামুদ্রিক পরিবেশ ও বিলুপ্তপ্রায় প্রাণী এবং মৎস্য সম্পদ রক্ষায় কোস্টগার্ডের অভিযান অব্যাহত থাকবে।