শতাধিক ব্যক্তিকে গুম ও হত্যার অভিযোগে মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে করা মানবতাবিরোধী অপরাধের মামলার যুক্তিতর্ক সরাসরি সম্প্রচার করা হবে। মঙ্গলবার (২৪ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ মামলার যুক্তিতর্ক উপস্থাপন শুরু হওয়ার কথা রয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, মঙ্গলবার জিয়াউল আহসানের মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শুরু হবে। ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও প্রসিকিউশনের ফেসবুক পেজে তা সরাসরি সম্প্রচার করা হবে।
চলতি বছরের ৮ ফেব্রুয়ারি এ মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু হয়। প্রথম সাক্ষী হিসেবে জবানবন্দি দেন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া। গত ১৯ নভেম্বর রাষ্ট্রপক্ষের সাক্ষ্য উপস্থাপন শেষ হয়। এরপর ২২ নভেম্বর আসামিপক্ষের একজন সাফাই সাক্ষী হাজির করা হয়। এর মধ্য দিয়ে মামলাটির সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে।
এ মামলার একমাত্র আসামি জিয়াউল আহসান। তিনি বর্তমানে কারাগারে রয়েছেন। কারাগার থেকে ভার্চ্যুয়ালি মামলার বিচারকাজে অংশ নিচ্ছেন তিনি।