কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘সন্ত্রাসী কর্মকাণ্ডের’ বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন সংসদ সদস্য ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায়। তিনি বলেছেন, ভারত নতুন ফাঁদ পেতেছে; নতুন ষড়যন্ত্রে নেমেছে। তারা দেখাতে চাইছে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের মানুষ নিরাপদে নেই। হয়তো এখানে হিন্দু সম্প্রদায়ের উপর সন্ত্রাসী কর্মকাণ্ড দেখিয়ে তারা এটা বিএনপি জামায়াত ও এনসিপি করেছে বলে চালিয়ে দিতে চায়।
হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে ‘আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস লুটপাটের’ প্রতিবাদে সোমবার (২৩ নভেম্বর) ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকায় বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠিত সমাবেশে হিন্দু সম্প্রদায়ের কয়েক হাজার নারী-পুরুষসহ বিএনপি নেতাকর্মীরাও অংশ নেন।
বিএনপি নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আওয়ামী সন্ত্রাসীরা কোথাও যেন কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড করতে না পারে সেজন্য আমাদের সবাইকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকতে হবে। পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় পাহারা বসাতে হবে।
গোপালগঞ্জে হিন্দু সম্প্রদায়ের বাড়ি ঘরে আওয়ামী লীগের সন্ত্রাসীরা অগ্নিসংযোগ লুটপাট করেছে বলেও অভিযোগ করেন নিপুণ রায় চৌধুরী।
এসময় হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, বাংলাদেশ নামক এই ভূখণ্ডে কোনো শকুনের চোখ পড়েছে। থাবা দেওয়ার চেষ্টা করলে সেই চোখ সেই হাত ভেঙে দিতে হবে। আমরা কোনো দেশের প্রভুত্ব মেনে নেব না। ধর্ম যার যার; নিরাপত্তা পাওয়ার অধিকার সবার— এই নীতিতেই দেশ পরিচালনা করছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তার নেতৃত্বেই বাংলাদেশ নামক এই ভূখণ্ডে আইনের শাসন প্রতিষ্ঠা হবেই হবে। এখানে ধর্মের ভিত্তিতে নয়; সাংবিধানিকভাবে প্রতিটি নাগরিকের অধিকার নিশ্চিত করা হবে।