দীর্ঘ আট মাস অপেক্ষার পর গত ১ অক্টোবর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগ দিয়েছেন ২০২৫ ব্যাচের ১২ হাজার ৮৩০ জন সহকারী শিক্ষক। তবে যোগদানের প্রায় দুই মাস হতে চললেও তাদের অধিকাংশই এখনো বেতন-ভাতা পাননি। ডিসেম্বরের শুরুতে বেতন নিশ্চিত করার দাবি জানিয়েছেন নবনিযুক্ত শিক্ষকেরা।
সোমবার (২৩ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে শিক্ষকেরা জানান, তাদের বেতন নির্ধারণের (পে ফিক্সেশন) তথ্য আইবাস++ (iBAS++) সিস্টেমে সংশ্লিষ্ট উপজেলা হিসাবরক্ষণ অফিসের অডিটরদের আইডিতে দেখা যাচ্ছে না। ফলে বেতন বিল প্রস্তুত করা সম্ভব হচ্ছে না। তবে মাগুরা সদর উপজেলা এবং গাইবান্ধা ও ঝিনাইদহ জেলার কয়েকটি উপজেলার কিছু শিক্ষক ইতোমধ্যে বেতন পেয়েছেন।
শিক্ষকদের অভিযোগ, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয়ে পাঠানোর জন্য ডিডিওর আইডি থেকে পে ফিক্সেশনের তথ্য ফরওয়ার্ড করা হলেও তা হিসাবরক্ষণ অফিসে দেখা যাচ্ছে না। আবার সংশোধনের জন্য ফেরত পাঠানো হলেও অনেক ক্ষেত্রে এডিট মেনুতে প্রয়োজনীয় তথ্য পাওয়া যাচ্ছে না। সংশোধিত তথ্য জমা দিতে গেলেও কারিগরি ত্রুটির বার্তা দেখাচ্ছে।
এ বিষয়ে আইবাস++ কর্তৃপক্ষ জানিয়েছে, পে ফিক্সেশনের কাজ স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হয়। কারিগরি ত্রুটির কারণে এ প্রক্রিয়ায় বিলম্ব হতে পারে। তবে কবে নাগাদ সমস্যার সমাধান হবে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো সময় জানানো হয়নি।