রয়টার্সকে শামা ওবায়েদ

‘ভারত থেকে দেশে ফিরলে শেখ হাসিনাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে’

ভারত থেকে দেশে ফিরলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে বলে জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই অবস্থানের কথা জানান।

আগামী ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনাকে কেন্দ্র করে সৃষ্ট রাজনৈতিক উত্তেজনা এবং নতুন করে রাজপথে সহিংসতা ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে প্রতিমন্ত্রী এ মন্তব্য করেন।

রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে শামা ওবায়েদ বলেন, শেখ হাসিনা বাংলাদেশে প্রবেশের চেষ্টা করা মাত্রই তাকে গ্রেপ্তার করে কারাগারে নেওয়া হবে এবং আইন নিজস্ব গতিতে চলবে।

প্রতিমন্ত্রী আরও জানান, ঢাকা ভারত থেকে শেখ হাসিনাকে প্রত্যর্পণের চেষ্টা করছে এবং বিদ্যমান বন্দিবিনিময় চুক্তি অনুযায়ী নয়াদিল্লি একজন দণ্ডিত আসামি হিসেবে তাকে ফেরত পাঠাবে বলে বাংলাদেশ আশা করে। ২০২৪ সালে বাংলাদেশ ছাড়ার পর থেকে শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন।

রয়টার্সের পক্ষ থেকে এ বিষয়ে মন্তব্যের অনুরোধ করা হলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি। তবে এর আগে গত এপ্রিলে মন্ত্রণালয়টি জানিয়েছিল, শেখ হাসিনাকে প্রত্যর্পণে বাংলাদেশের অনুরোধ তারা খতিয়ে দেখছে।

২০২৪ সালের আগস্টে গণ-অভ্যুত্থানের মুখে ঢাকা ছাড়ার পর বাংলাদেশে শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় হয়েছে এবং তার দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। জাতিসংঘের তথ্যমতে, ওই অভ্যুত্থান চলাকালে সহিংসতায় প্রায় ১ হাজার ৪০০ মানুষ নিহত হন।

আগামী ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনার অংশ হিসেবে সম্প্রতি শেখ হাসিনা নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করলে সরকার তা প্রত্যাখ্যান করে।

এদিকে শেখ হাসিনার প্রত্যাবর্তনের সমর্থনে আওয়ামী লীগের সমর্থকেরা চলতি মাসে সপ্তাহব্যাপী বিক্ষোভ ও সমাবেশের ঘোষণা দেয়, যার শেষ কর্মসূচি ছিল ১৯ নভেম্বরের দেশব্যাপী লকডাউন। স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, গত ১০ দিনে অন্তত ২৮টি জেলায় ডজনখানেক ককটেল বিস্ফোরণ এবং যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা নথিভুক্ত করেছে পুলিশ, যাতে বেশ কয়েকজন পুলিশ সদস্য ও সাধারণ নাগরিক আহত হয়েছেন।

এই সহিংসতাকে শামা ওবায়েদ শেখ হাসিনার দলের টিকে থাকার কৌশল বলে অভিহিত করেছেন। অন্যদিকে, আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা খালিদ মাহমুদ চৌধুরী এই সহিংসতার জন্য বর্তমান সরকারকে দায়ী করেছেন।

শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে উড়োজাহাজ পাঠানোর বিষয়ে ভারতের সঙ্গে কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, ঢাকা নয়াদিল্লির সঙ্গে এমন ভারসাম্যপূর্ণ সম্পর্ক চায়, যা বাংলাদেশের মর্যাদা, আত্মসম্মান ও স্বার্থের সঙ্গে কোনো আপস করবে না।

সাক্ষাৎকারে রোহিঙ্গা সংকট নিয়েও কথা বলেন শামা ওবায়েদ। ২০১৭ সালে রোহিঙ্গাদের ওপর মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর অভিযানকে জাতিসংঘের সর্বোচ্চ আদালত ‘রাষ্ট্রীয় মদদপুষ্ট গণহত্যা’ বলে রায় দেওয়ার পর মিয়ানমারের ওপর কূটনৈতিক চাপ বাড়াচ্ছে ঢাকা। এই রায় বাংলাদেশ ও রোহিঙ্গা সম্প্রদায়কে লড়াই করার শক্তি জোগাচ্ছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, মিয়ানমার এই সংকট তৈরি করেছে এবং মিয়ানমারকেই এর সমাধান করতে হবে। বর্তমানে রাখাইন রাজ্যের অধিকাংশ এলাকা আরাকান আর্মির নিয়ন্ত্রণে চলে যাওয়ায় বাংলাদেশে আশ্রয় নেওয়া প্রায় ১২ লাখ রোহিঙ্গার প্রত্যাবাসন প্রক্রিয়া আরও জটিল হয়ে পড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।