কিয়েভে ভবনের ধ্বংসস্তূপ থেকে ১৪ ঘণ্টা পর জীবিত উদ্ধার ৭ বছরের শিশু

ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছে রুশ হামলায় বিধ্বস্ত একটি ভবনের ধ্বংসস্তূপের নিচে ১৪ ঘণ্টা আটকে থাকার পর সাত বছর বয়সী এক শিশুকে জীবিত উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। এ হামলায় ওই এলাকায় অন্তত ১১ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে ইউক্রেনের কর্তৃপক্ষ।

রোববার (২২ নভেম্বর) ভোরে কিয়েভ অঞ্চলের ডাইমার এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এতে একটি ভবন প্রায় পুরোপুরি ধসে পড়ে। হামলার পরপরই সেখানে উদ্ধার অভিযান শুরু করেন জরুরি বিভাগের কর্মীরা।

কিয়েভ অঞ্চলের প্রধান তিমুর তকাচেঙ্কো জানান, ধ্বংসস্তূপের নিচ থেকে শিশুটির পাশাপাশি ৭৯ বছর বয়সী এক বৃদ্ধাকেও জীবিত উদ্ধার করা হয়েছে। শিশুটির শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। পরে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। উদ্ধার হওয়া বৃদ্ধাও হাসপাতালে চিকিৎসাধীন।

এদিকে বিলা সের্কভা এলাকায় একটি বাড়িতে রুশ হামলায় আরও একজন নিহত হয়েছেন। হামলার পর বাড়িটিতে আগুন ধরে যায়।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, কিয়েভ অঞ্চলের ভিশনেভ শহরের একটি মুদিদোকানেও হামলা চালানো হয়েছে। এতে তিনজন নিহত এবং ১৩ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনটি শিশু রয়েছে বলে জানিয়েছেন শহরটির মেয়র ইলিয়া দিকভ।

জেলেনস্কি বলেন, বিধ্বস্ত ভবনটির আশপাশে ১৩০ জনের বেশি উদ্ধারকর্মী কাজ করছেন। নিখোঁজ ব্যক্তিদের বিষয়ে নিশ্চিত না হওয়া পর্যন্ত উদ্ধার অভিযান অব্যাহত থাকবে। তবে নতুন করে বিমান হামলার সতর্কতা ও হামলার আশঙ্কায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।

ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইভান ভিহিভস্কির ভাষ্য অনুযায়ী, স্থানীয় সময় ভোর ৫টার দিকে ভবনটিতে হামলা হয়। সে সময় বাসিন্দারা ঘুমিয়ে ছিলেন। রোববার সন্ধ্যা পর্যন্ত দেশটির ১০টি অঞ্চলে ৭০টির বেশি হামলার ঘটনা ঘটে।

এ ছাড়া নিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের একটি বিদ্যুৎ উপকেন্দ্রেও রাশিয়া হামলা চালিয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রধানমন্ত্রী সের্গি কোরেৎস্কি।

উল্লেখ্য, ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এরপর থেকে দুই দেশের মধ্যে সংঘাত অব্যাহত রয়েছে।

সূত্র:  বিবিসি