মানিকগঞ্জের ঘিওরে নিখোঁজের দুদিন পর সুরুজ মিয়া (৬৮) নামে এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৩ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের কুশুন্ডা গ্রামে প্রতিবেশীর বাগানের একটি আমগাছ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিখোঁজের পর বাবাকে খুঁজে না পেয়ে থানায় লিখিত অভিযোগ করেছিলেন ছেলে নয়ন মিয়া (২২)।
পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাতে নিখোঁজ হন সুরুজ মিয়া। পরদিন সকালে ছেলে নয়ন বাবার ঘরে গিয়ে তাকে দেখতে পাননি। এ সময় ঘরটি বাইরে থেকে শিকল দিয়ে আটকানো ছিল। পরে পরিবারের সদস্য ও স্বজনেরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।
পরে সোমবার সকাল ৯টার দিকে বাবার সন্ধান চেয়ে ঘিওর থানায় লিখিত অভিযোগ করেন নয়ন। অভিযোগের প্রায় দুই ঘণ্টা পর বেলা ১১টার দিকে প্রতিবেশী নুরুল মাস্টারের স্ত্রী তাদের বাগানে কাজ করতে গিয়ে একটি আমগাছে সুরুজ মিয়াকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন। খবর পেয়ে পরিবারের সদস্যরাও ঘটনাস্থলে পৌঁছান। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, সুরুজ মিয়া দীর্ঘদিন ধরে মানসিক অসুস্থতায় ভুগছিলেন। তার এক ভাইও একই ধরনের সমস্যায় ভুগছেন বলে জানা গেছে।
ঘিওর থানার ওসি মুহাম্মদ মহব্বত কবীর জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।